বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পুলিশের এক কর্মকর্তাসহ পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে শহরের ফুলবাড়ী ফাঁড়ি থেকে প্রত্যাহার করে তাঁদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার দায়ে জেলা পুলিশের নির্দেশে গত মঙ্গলবার রাতে তাঁদের প্রত্যাহার করে নেওয়া হয়।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন সদর থানার ফুলবাড়ী ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ, হাবিলদার আবুল কালাম, কনস্টেবল আবদুল মান্নান, গণেশ চন্দ্র ও প্রভাষ চন্দ্র।
পুলিশ সুপার মোজামেঞ্চল হক পুলিশের পাঁচ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওই সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালনে শিথিলতা দেখিয়েছেন। এ জন্য তাঁদের সাময়িক বরখাস্ত করে সদর থানার ফুলবাড়ী থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার বগুড়া সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে ককটেল হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের কম্পিউটার অপারেটর সুলতান মাহমুদকে মারধর করে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ে রক্ষিত খসড়া ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র, রেজিস্ট্রার, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের তালিকাসহ যাবতীয় নথি পুড়ে যায়। ঘটনার সময় পাঁচজন পুলিশ কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকার কথা থাকলেও তাঁরা ছিলেন না।
এদিকে ওই ঘটনায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহিম জানান, হামলাকারীরা মুখোশধারী হওয়ায় মামলায় সুনির্দিষ্ট কারও নাম দেওয়া হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়জুর রহমান বলেন, অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।