চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত দ্বিতীয় দিন অভিযান চালিয়ে চারটি বিলবোর্ড অপসারণ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নগরের ২ নম্বর গেট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
অভিযান শুরুর দিকে বিলবোর্ড উচ্ছেদ নিয়ে করপোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল আলম ও বেঞ্চ সহকারী নমিতা বিশ্বাসের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে শামসুল আলমকে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আদালত সূত্র জানায়, একটি ক্রেন দিয়ে ২ নম্বর গেটের কবরস্থানের পাশ থেকে একটি ছোট ও তিনটি বড় বিলবোর্ড অপসারণ করা হয়। এ ছাড়া বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠান কুদ্দুস অ্যাডকে ৫ হাজার টাকা ও অ্যাড রিলেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগ্বিতণ্ডা প্রসঙ্গে শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার অভিযানের সময় হলোগ্রাম মার্কেটিংয়ের একটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এই নিয়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আলী তালুকদার তাঁর বিলবোর্ডটি বৈধ দাবি করে আমার সঙ্গে তর্ক করেন। এ নিয়ে তিনি প্রধান রাজস্ব কর্মকর্তাকে চিঠি দেন।’
প্রধান রাজস্ব কর্মকর্তা চিঠির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দিয়েছেন উল্লেখ করে শামসুল আলম বলেন, ‘গত মঙ্গলবার মোহাম্মদ আলী তালুকদার চিঠি নিয়ে নগর ভবনে আমার কার্যালয়ে আসেন। নমিতা বিশ্বাস তা দেখে আমাদের মধ্যে ভাই-ভাই সম্পর্ক রয়েছে বলে টিপ্পনী কেটে চলে যান। আবার আজকের অভিযানের সময় একই কথা উল্লেখ করলে মেজাজ খারাপ হয়ে যায়। তখন তাঁকে বেয়াদবি করতে নিষেধ করি। এরপর ম্যাজিস্ট্রেট আমাকে চলে যেতে বললে, আমি অফিসে চলে আসি। আমি কোনো বিলবোর্ড ব্যবসায়ীর কাছ থেকে কখনো এক কাপ চাও খায়নি।’
নমিতা বিশ্বাস বলেন, ‘গত সোমবার এক বিলবোর্ড ব্যবসায়ীর সঙ্গে রাজস্ব কর্মকর্তার তর্কাতর্কি হয়। আবার পরদিন তাঁর দপ্তরে বসে থাকতে দেখি বিলবোর্ড ব্যবসায়ীদের। তাঁরা সবাই ভাই-ভাই। আর বিলবোর্ড উচ্ছেদে কষ্ট করতে হয় আমাদের। আজকের (বৃহস্পতিবার) অভিযানের সময় তা বললে রাজস্ব কর্মকর্তা আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘অভিযান শুরুর দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাস্তাঘাটে ঝগড়া না করে অফিসে বসে তা মীমাংসা করার জন্য বলি।’