কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গতকাল বুধবার অফিস-আদালত বর্জন কর্মসূচি পালন করেছে। পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি এ কর্মসূচির ডাক দেয়।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
রাঙামাটি শহরের জেলা প্রশাসন কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়, রাঙামাটি সদর উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি সম্প্রসারণ ও বন বিভাগ কার্যালয়, রাঙামাটি জেলা জজ আদালতসহ কমপক্ষে ২০টি সরকারি-আধা সরকারি সংস্থা এবং ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক দেখা গেছে। তবে সেবাপ্রার্থী লোকজনের উপস্থিতি ছিল খুবই কম।
অপরদিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয় এবং বিভিন্ন বেসরকারি ও দাতা সংস্থার কার্যালয় ছিল প্রায় ফাঁকা। সব সরকারি ও আধা সরকারি সংস্থার কার্যালয় চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, রাঙামাটি শহরসহ কোনো উপজেলা থেকে অফিস বর্জনের খবর পাওয়া যায়নি। সবার উপস্থিতি ছিল। সরকারি কাজে কোথাও কোনো বাধা সৃষ্টি বা বিঘ্ন ঘটেনি।
তবে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, সাধারণ মানুষ পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালন করেছে।
এদিকে বান্দরবান প্রতিনিধি জানান, বর্জন কর্মসূচিতে বিভিন্ন অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকলেও সাধারণ মানুষের উপস্থিতি কম ছিল।
জেলা পরিষদ ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে গিয়ে দেখা গেছে, স্বাভাবিকভাবে চলেছে। কোথাও কোনো আতঙ্ক ছিল না। দোকানপাট খোলা ছিল। কিন্তু হাটবার হওয়া সত্ত্বেও বাজারে লোকজন তেমন আসেনি।