কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ে বিসিএস (কৃষি) কর্মকর্তার ৩৮টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১০ জন। মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ, সহায়তা ও পর্যবেক্ষণের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তার ২২৪টি পদের মধ্যে কর্মরত আছেন ১৫০ জন।
এদিকে শূন্যপদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন করা হলেও নতুন করে কর্মকর্তা নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে কৃষকেরা তাঁদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, অধিদপ্তরের আওতায় বিসিএস (কৃষি) কর্মকর্তার পদ ৩৮টি। এর মধ্যে উপপরিচালক পদে কর্মকর্তা থাকলেও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপপরিচালক (শস্য), অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) ও অতিরিক্ত উপপরিচালক (উদ্যান)—এই চারটি পদ শূন্য আছে। জেলার আট উপজেলায় আটজন উপজেলা কৃষি কর্মকর্তা থাকলেও অতিরিক্ত কৃষি কর্মকর্তার আটটি পদই শূন্য। কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১৬টি পদের মধ্যে একজন কর্মরত আছেন। বাকি ১৫টি পদ শূন্য। এ ছাড়া কৃষি প্রকৌশলীর পদটিও দীর্ঘদিন ধরে শূন্য। সেই সঙ্গে অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর মোট ৩৬৯টি পদের মধ্যে কর্মরত আছেন ২৩৬ জন। শূন্য আছে ১৩৩টি।
অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট আবাদি জমির পরিমাণ ২ লাখ ১৩ হাজার ৬০০ হেক্টর। চলতি মৌসুমে আমনের আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ১০ হাজার হেক্টর জমিতে। জেলায় কৃষক পরিবার রয়েছে ২ লাখ ৬০ হাজার ২২৫টি। কৃষকদের মধ্যে রাসায়নিক সারের সঠিকভাবে বণ্টন, আবাদি জমির লক্ষ্যমাত্রা অর্জনে পর্যবেক্ষণসহ মৌসুমে আমন ফসল রক্ষণাবেক্ষণে সার্বক্ষণিক মাঠ পরিদর্শন ও কৃষকদের পরামর্শ দেওয়া চালিয়ে যেতে নানাভাবে সমস্যায় পড়তে হচ্ছে কর্মকর্তাদের।
উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, উপজেলায় ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভা রয়েছে। মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ ও পর্যবেক্ষণের জন্য প্রতিটি ইউনিয়নে তিনজন করে এবং পৌরসভায় একজন করে মোট ৩৮ জন উপসহকারী কৃষি কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ১২ জন। বাকি ২৬টি পদ শূন্য। মাঠপর্যায়ের কর্মকর্তা কম থাকায় কৃষকদের সেবা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।
গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তার পদ রয়েছে ৩৭টি। কর্মরত আছেন ২৪ জন। শূন্য রয়েছে ১৩টি পদ। একেকজন কর্মকর্তাকে তিন-চারটি ব্লকের দায়িত্ব নিতে হচ্ছে। এদিকে চরকাজল, চরবিশ্বাস ও গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকা উপজেলা থেকে বিচ্ছিন্ন। এ অবস্থায় কৃষকদের কাছে পৌঁছাতে সময় বেশি লাগাসহ সেবা দেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক অশোক কুমার শর্মা বলেন, দীর্ঘদিন ধরে কর্মকর্তার পদসহ কর্মচারীদের পদ শূন্য থাকায় সঠিকভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে প্রতি মাসে মহাপরিচালক বরাবরে চিঠি দিয়ে জানানো হচ্ছে।