কর্মকর্তা-শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পড়াল দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পড়ালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। গতকাল রোববার দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁদের এ শপথ পড়ানো হয়।
এর আগে সেখানে সততা সংঘের সমাবেশ হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে সততা সংঘ। দুদক, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে উপজেলার সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ এফ এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে কর্মকর্তাদের এক সপ্তাহের মধ্যে উপজেলার সব কার্যালয়ের সামনে সিটিজেন চার্টার টাঙানোর নির্দেশ দেন। এ ছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের ছবিসংবলিত পদবি কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানোর নির্দেশ দেন। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রচেষ্টার মাধ্যমে এ উপজেলা দ্রুতই দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা হোক।’
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. মনিরুজ্জামন, খুলনা বিভাগীয় পরিচালক মো. আবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।