কর্মকর্তা-শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পড়ালেন দুদকের কমিশনার
নড়াইলের লোহাগড়ায় সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পড়ালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। গতকাল রোববার দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁদের এ শপথ পড়ানো হয়।
এর আগে সেখানে সততা সংঘের সমাবেশ হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে সততা সংঘ। দুদক, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে উপজেলার সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ এফ এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে কর্মকর্তাদের এক সপ্তাহের মধ্যে উপজেলার সব কার্যালয়ের সামনে সিটিজেন চার্টার টাঙানোর নির্দেশ দেন। এ ছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের ছবিসংবলিত পদবি কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানোর নির্দেশ দেন। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রচেষ্টার মাধ্যমে এ উপজেলা দ্রুতই দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা হোক।’
শিক্ষার্থীদের উদ্দেশে এ এফ এম আমিনুল ইসলাম বলেন, ‘তোমরা সততার চর্চা করো, সৎ হয়ে গড়ে ওঠো। তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. মনিরুজ্জামন, খুলনা বিভাগীয় পরিচালক মো. আবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।