কর্মক্ষম নারীরা যক্ষ্মায় বেশি ভুগছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ১৫ বছরের কম বয়সী মেয়েশিশু ও কর্মক্ষম নারীরা ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত হচ্ছেন বেশি। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ((এনটিপি) বার্ষিক প্রতিবেদন-২০১৫–তে এ তথ্য উঠে এসেছে। গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এনটিপির লাইন ডিরেক্টর মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের ৫০ ভাগ মানুষ যক্ষ্মার জীবাণু বহন করে থাকে। কিন্তু যক্ষ্মায় আক্রান্ত হন অপুষ্টিতে ভোগা মানুষ। আমরা ধারণা করছি, বাংলাদেশের মেয়েরা অপুষ্টির কারণে যক্ষ্মায় বেশি আক্রান্ত হচ্ছে।’
যক্ষ্মা সাধারণত দুই ধরনের। ফুসফুসের যক্ষ্মা ও ফুসফুসবহির্ভূত যক্ষ্মা। চিকিৎসকেরা বলছেন, চুল ও নখ ছাড়া সারা দেহের যেকোনো অংশে যক্ষ্মা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে প্রতি লাখে দুই ধরনের যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ১১৯। পরের বছর বেড়ে হয়েছে ১২২। এর মধ্যে ফুসফুসবহির্ভূত যক্ষ্মায় ২০১৩ সালে আক্রান্ত ৩৩ হাজার ৭০৫ জন আর ২০১৪ সালে ৩৭ হাজার ৪০৬।
যক্ষ্মা নির্মূল কর্মসূচিতে সরকারের প্রধান সহযোগী ব্র্যাক। ব্র্যাকের যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির পরিচালক মো. আকরামুল ইসলাম জানিয়েছেন, বিশ্বজুড়ে ফুসফুসের যক্ষ্মায় পুরুষদের ভোগার হার বেশি হলেও বাংলাদেশের শহরাঞ্চলে নারী ও পুরুষের সংখ্যা এখন সমান।
কর্মক্ষম নারীরা ভুগছেন বেশি: এনটিপি প্রতিবেদনে দেখা যাচ্ছে, ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ২০১৪ সালে ৬৮ হাজার ১১৯ জন পুরুষ এবং ৩৮ হাজার ৬২০ জন নারী যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন। কিন্তু ১৫ বছরের কম বয়সীদের বেলায় ছেলেদের তুলনায় মেয়েদের আক্রান্ত হওয়ার হার দ্বিগুণ। প্রতিবেদনে বলা হচ্ছে, যত মানুষ ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে ৬৭ শতাংশের বয়স ১৫ থেকে ৫৪ বছর। এদের মধ্যে যত নারী আক্রান্ত হচ্ছেন, তাঁদের ৭৭ শতাংশ কর্মক্ষম বয়সের, পুরুষদের ক্ষেত্রে এ হার ৬২ শতাংশ।
নতুন করে ফুসফুসবহির্ভূত যক্ষ্মায় আক্রান্ত হয়েছে পাঁচ থেকে ৪৪ বছর বয়সী এমন রোগীদের মধ্যে নারীর সংখ্যা বেশি। ৪৫ থেকে ৫৪ বছর বয়সী রোগীদের ক্ষেত্রে নারী-পুরুষের সংখ্যা প্রায় সমান। ২০১৪ সালে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৯৩ জন পুরুষ এবং ১৯ হাজার ৪১৩ জন নারী।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক আলী হোসেন প্রথম আলোকে বলেন, নারীদের বন্ধ্যাত্বের অন্যতম কারণ যক্ষ্মা। ঘিঞ্জি এলাকায় বসবাস, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার সুযোগের অভাব এবং কলকারখানায় উপযুক্ত পরিবেশ না থাকায় বাংলাদেশে মেয়েদের যক্ষ্মায় আক্রান্ত হওয়ার হার বাড়ছে বলে তিনি মনে করেন।