কর্মক্ষমতা বাড়াতে এখনই পদক্ষেপ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনযাত্রার মান বাড়ার কারণে মানুষের বয়সসীমাও বাড়ছে। আগামী ৩৫ বছরে দেশে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে। কমবে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা। তাই কর্মক্ষমতা বাড়াতে এখন থেকেই বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।গতকাল শনিবার ‘জনসংখ্যা ব্যবস্থাপনা ও জাতীয় উন্নয়ন: প্রত্যাশা এবং মোকাবিলা’ শীর্ষক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ।সম্মেলনে জনসংখ্যা বিষয়ে আটটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। দেশের জনসংখ্যা বৃদ্ধির হারে আশঙ্কা প্রকাশ করে আলোচকেরা বলেন, জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে ২০৫০ সালে দেশের জনসংখ্যা সাড়ে ২২ কোটিতে পৌঁছাবে। ২০৮১ সালে হবে ২৫ কোটি। এতে মানুষের বাসস্থান, স্বাস্থ্য, খাদ্য-সংকটসহ নানা সমস্যা দেখা দেবে। বাধাগ্রস্ত হবে সামাজিক উন্নয়ন। পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রকল্প পরিচালক নূর-উন-নবী এক প্রবন্ধে দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য বাল্যবিবাহকে দায়ী করেন। তিনি বলেন, এখনো ১৮ বছরের কম বয়সে ৬৮ শতাংশ মেয়ের বিয়ে হয়। তাঁদের ৫৫ শতাংশ মা হন ১৯ বছর বয়সে। ফলে মাতৃমৃত্যু ও শিশুর অপুষ্টিসহ নানা জটিলতা তৈরি হয়। তিনি বলেন, তরুণী মায়েরা মোট জনসংখ্যা বৃদ্ধিতে বেশি অবদান রাখছেন। এই হার ১৯৯১ সালে ছিল ২০ দশমিক ৮ ভাগ। ২০০৭ সালে তা বেড়ে ২৩ দশমিক ৩ ভাগ হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে শুধু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুষ্ঠু জনসংখ্যা ব্যবস্থাপনার কাজ করতে হবে। আর্থ-সামাজিক উন্নয়ন ও সুষ্ঠু জনসংখ্যা ব্যবস্থাপনায় শিক্ষিত জাতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সহ-উপাচার্য হারুন অর রশিদ বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন নির্ভর করে জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর। এ বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এ দেশীয় প্রতিনিধি আর্থার আর্কেন বলেন, বিগত ৩৫ বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। আবাদি জমি কমে শহরে বস্তির সংখ্যা বেড়েছে। ফলে এ দেশের জন্য খাদ্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।