কর্মক্ষেত্র দুর্ঘটনায় গত বছর মারা গেছে ১৫০৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের ছাড়াই ২০১৩ সালে দেশে কর্মক্ষেত্র দুর্ঘটনায় ৩৭৪ জন মারা গেছেন। রানা প্লাজা ধসে নিহত ব্যক্তির সংখ্যা ধরলে গত বছর কর্মক্ষেত্র দুর্ঘটনায় এই সংখ্যা এক হাজার ৫০৮ জন। বেসরকারি মানবাধিকার সংস্থা সেইফিট অ্যান্ড রাইটস সোসাইটির এক জরিপ প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংস্থাটি কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে।
জরিপ প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ২৮৬টি কর্মক্ষেত্র দুর্ঘটনায় কমপক্ষে ৩৭৪ জন শ্রমিক নিহত হন। আর ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনাতেই নিহত ব্যক্তির সংখ্যা এক হাজার ১৩৪ জন। সব মিলিয়ে গত বছর কর্মক্ষেত্র দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বিগত যেকোনো বছরের তুলনায় অনেক বেশি। ২০১২ সালে ৩২৭টি কর্মক্ষেত্র দুর্ঘটনায় ৪৯০ জন শ্রমিক মারা যান, এর মধ্যে শুধু তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে মারা যান ১১২ জন।
সেইফিট অ্যান্ড রাইটসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী জানান, ঢাকা থেকে প্রকাশিত ১৫টি জাতীয় দৈনিক এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রকাশিত ১১টি স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিবেদন পর্যবেক্ষণ করে এই জরিপ করা হয়। যেসব শ্রমিক কর্মক্ষেত্রের বাইরে অথবা কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, তাঁদের সংখ্যা এ পরিসংখ্যানে নেই। প্রতিবেদন অনুসারে, রানা প্লাজায় নিহত ব্যক্তিদের সংখ্যা বাদে সবচেয়ে বেশি শ্রমিক মারা গেছেন নির্মাণকাজ করতে গিয়ে।