কর্মক্ষেত্রে কাজ করার সময় ২০০৯ সালে সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় ২৬৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে নির্মাণ খাতে কাজ করতে গিয়ে মারা গেছেন ৩৫ শতাংশ শ্রমিক। উৎপাদনকারী কারখানায় ৩২ শতাংশ এবং সেবা খাতে ২৫ শতাংশ শ্রমিক নিহত হয়েছেন। এঁদের ৩৯ শতাংশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ১৬ শতাংশ উঁচু স্থান থেকে পড়ে মারা গেছেন। নিহত শ্রমিকদের মধ্যে ৯১ শতাংশ পুরুষ। এঁদের ৩৭ শতাংশের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। দুর্ঘটনার ২০ শতাংশ ঢাকা জেলায়, ১৪ শতাংশ চট্টগ্রামে এবং সাত শতাংশ নারায়ণগঞ্জে ঘটেছে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি আয়োজিত এক সেমিনারে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ‘২০০৭-০৯ সালে নিহত শ্রমিকদের ওপর বিশ্লেষণসহ কর্মক্ষেত্রে মৃত্যু ও জখম হওয়া প্রতিরোধে আইন সংস্কার’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন খুশী কবির। তথ্যচিত্র উপস্থাপন করেন কর্মসূচির পরিচালক সেকেন্দার আলী। অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।প্রতিবেদনে কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজের তথ্য, কাজের নিরাপদ পদ্ধতি সম্পর্কে শ্রমিকদের নির্দেশনা, প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বসহ কর্মরত শ্রমিক ও অন্যদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইনের সব বাধ্যবাধকতা প্রতিষ্ঠানের মূল মালিকের ওপর অর্পণের সুপারিশ করা হয়েছে। প্রধান কারখানা পরিদর্শকের অনুমতি নিয়ে নিবন্ধন করা বেসরকারি সংগঠনগুলো যাতে শ্রম আইন ভঙ্গের কারণে ফৌজদারি মামলা করতে পারে, এমন বিধি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে শুধু পরিদর্শক অথবা শ্রমিক বা ট্রেড ইউনিয়ন এ সংক্রান্ত পদক্ষেপ নিতে পারে।সেমিনারে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, শিগগিরই শ্রমনীতি প্রণীত হবে। শ্রমনীতি প্রণয়নের জন্য ইতিমধ্যে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কোনো রকম পক্ষপাতিত্ব বা পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে শ্রম আইন বাস্তবায়নে অংশীদারির মনোভাব নিয়ে সবাইকে সমান ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম কর্মক্ষেত্রে আহত শ্রমিক বা নিহত ব্যক্তির পরিবারকে পুনর্বাসনের জন্য শ্রম আইনে বিধি অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন।বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি রোকেয়া আফজাল রহমান বলেন, ঝুঁকিপূর্ণ কাজ এড়ানোর জন্য মালিক ও শ্রমিক উভয়কেই সচেতন হতে হবে।ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও স্কপের নেতা ওয়াজেদুল ইসলাম খান কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করার ওপর জোর দেন।সেকেন্দার আলী বলেন, কর্মক্ষেত্রে আহত ও নিহত ব্যক্তির সংখ্যা হ্রাসে এসব সুপারিশ সরকারকে অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে।