কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২০১৪ সালে ৪৬৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে নির্মাণ খাতে সবচেয়ে বেশি সংখ্যক ১১১ জন শ্রমিক নিহত হন। কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ওশি ফাউন্ডেশন এসব তথ্য দিয়েছে। গত বছরের ১৫টি সংবাদপত্রে প্রকাশিত কর্মক্ষেত্রে দুর্ঘটনার খবর থেকে সংকলন করে এ তথ্য বের করেছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। ওশির তথ্য অনুযায়ী, নির্মাণ খাতের পরে পোশাক খাতে হতাহতের সংখ্যা সর্বাধিক। গত বছর দুর্ঘটনায় ২৩ জন পোশাকশ্রমিক নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। এ ছাড়া জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় ১৫ জন নিহত হন, আহত ৩৪ জন শ্রমিক। কৃষি খাতে ৭২ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। ওশির কর্মসূচি ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, ভবন নির্মাণ খাতে শ্রমিকদের নিরাপত্তার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার, তার কিছুই নেওয়া হচ্ছে না।