২০১৬ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও সহিংসতায় ৮৮৮ জন শ্রমিক মারা গেছেন। এঁদের মধ্যে দুর্ঘটনায় মারা গেছেন ৬৯৯ জন; যা ২০১৫ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। আর গত বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হন ১ হাজার ৯৩ জন শ্রমিক।
শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সংবাদপত্র প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করেছে বিলস।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে বিলস মিলনায়তনে আয়োজিত ‘শ্রম পরিস্থিতি ২০১৬: শ্রমিকদের অধিকার রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বিলসের হিসেবে, ২০১৬ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৬৯৯ জন আর সহিংসতায় ১৮৯ জন শ্রমিক মারা গেছেন। এঁদের মধ্যে ৮২৪ জন পুরুষ আর ৬৮ জন নারী। ২০১৫ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা ছিল ৩৬৩ জন।
কর্মক্ষেত্রে দুর্ঘটনায় সবচেয়ে বেশি ২৪৯ জন শ্রমিক মারা গেছেন পরিবহন খাতে। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ জন শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে নির্মাণ খাতে। মৎস্য খাতে ৫২ জন, কৃষি খাতে ৪৬ জন এবং প্যাকেজিং খাতে ৩৯ জন শ্রমিক মারা গেছে। প্যাকেজিং খাতের অধিকাংশই মারা গেছে টঙ্গীর টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায়। অন্যান্য বছর পোশাক খাতে শ্রমিক মৃত্যুর ঘটনা বেশি থাকলেও গত বছর পোশাক খাতে মারা গেছেন নয়জন।
কর্মক্ষেত্রে শ্রমিক নিহত হওয়ার কারণের মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট, উঁচু থেকে পড়ে যাওয়া, অগ্নিকাণ্ড, বিষাক্ত গ্যাস, বয়লার বিস্ফোরণ।
বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ প্রতিবেদন তুলে ধরেন। তিনি বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিতে যেসব আইন ও নীতিমালা রয়েছে, সেগুলোর সঠিক বাস্তবায়ন প্রয়োজন। মে দিবসের মূল দাবি আট ঘণ্টার কাজের বিষয়টি বাংলাদেশে খুব একটা মানা হয় না।