কর্মক্ষেত্রে বাধা দূর করতে হবে

‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। রোববার দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেছবি: সৌরভ দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে বেশ কিছু সাফল্য এসেছে। আবার নতুন নতুন বাধাও চিহ্নিত হচ্ছে। বিশেষ করে বাসস্থান, যাতায়াতের সমস্যার কারণে অনেকে চাকরি পেয়েও টিকে থাকতে পারছেন না। কোনো কোনো প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে উপযুক্ত কর্মপরিবেশের অভাব রয়েছে। চাকরিদাতাদের কেউ কেউ প্রতিবন্ধী মানুষদের অধিকার বিষয়ে জ্ঞাত নন বা ইচ্ছাকৃতভাবে অনুসরণ করেন না। তাই কর্মসংস্থানের ক্ষেত্রে আসা সাফল্য ধরে রাখতে এসব বাধা বা চ্যালেঞ্জ নিরসনে পদক্ষেপ নিতে হবে।

রোববার দুপুরে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা, অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) ইন্টারন্যাশনাল ও প্রথম আলো যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সমাজকর্মী এবং সরকারি-বেসরকারি ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।

বৈঠকে সভাপতির বক্তব্যে এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের ব্যাপারে সরকারি পর্যায়ে অনেক ভালো পদক্ষেপ আছে। বেসরকারি পর্যায়ের উদ্যোক্তাদেরও ইতিবাচক পদক্ষেপ রয়েছে। তবে সব সমস্যা দূর হয়েছে তা বলা যাবে না। এখনো বাধা আছে, তা দূর করতে হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমাজে এখনো প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, নারী হলে আরও বেশি বাধা আসে। নিরাপদ কর্মসংস্থান, প্রবেশগম্যতা সৃষ্টিতে যত অচলায়তন রয়েছে, তা দূর করে এগোতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী কর্মপরিবেশ সৃষ্টি করা সবার দায়িত্ব।

বৈঠকের সম্মানিত অতিথি সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নুসরাত সুলতানা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। প্রতিবন্ধীদের জন্য সরকারের নানা ধরনের কার্যক্রম থাকলেও তা সম্পর্কে অনেকেই জানেন না উল্লেখ করে তিনি বলেন, এতে তাঁরা সুযোগ-সুবিধাগুলো নিতে পারছেন না। তাই এই ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাতে হবে। প্রতিবন্ধীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও অনেক সময় পর্যাপ্ত প্রশিক্ষণার্থী পাওয়া যায় না। বর্তমানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মতো একই পরীক্ষা দিতে হয় প্রতিবন্ধীদের। তাঁদের জন্য আলাদা নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে বলে মত দেন তিনি।

সূচনা বক্তব্যে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়টি এখনো অনেক ক্ষেত্রে অমীমাংসিত রয়ে গেছে। তাঁদের অধিকারের বিষয়ে বারবার বলতে হবে। তাহলে নীতিনির্ধারকেরা পদক্ষেপ নেবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে প্রতিবন্ধী মানুষদের যোগ্যতা থাকা সত্ত্বেও যদি চাকরি দেওয়া না হয়, তাহলে তা অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না। তাই এই আইনের কিছু কিছু ধারা পরিবর্তন করা দরকার।

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন, দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের পার্থক্য রয়েছে। এখানে পার্বত্য অঞ্চল যেমন রয়েছে, তেমনি উপকূল ও দ্বীপ এলাকা আছে। জলবায়ু পরিবর্তনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয় এসব এলাকার মানুষদের। প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্ভোগ আরও বেশি হয়।

অনেকেই কোনোরকম চাকরিতে যোগ দিলেও বাসস্থান ও যাতায়াত সমস্যার কারণে পরে তা ধরে রাখতে পারেন না বলে মন্তব্য করে আরিফুর রহমান বলেন, তাঁরা যাতে চাকরিতে টিকে থাকেন, সে জন্য বাসস্থান, যাতায়াতব্যবস্থাসহ প্রাসঙ্গিক বিষয়গুলোর দিকেও নজর দিতে হবে।

বৈঠকে শিক্ষাবিদ ও সমাজকর্মী আনোয়ারা আলম বলেন, এখানকার যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা ইশারা ভাষা সম্পর্কে জানে কি না, সন্দেহ রয়েছে। আবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শ্রুতলেখক পাওয়া যে কত কঠিন, তা ভুক্তভোগী শিক্ষার্থীরাই জানেন। প্রতিবন্ধী মানুষের অধিকারের বিষয়ে নিয়োগদাতা প্রতিষ্ঠানের অসচেতনতা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ সরকারের এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালট্যান্ট ফর একসেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্য বলেন, শুধু শিক্ষা দিয়ে প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান করা যাবে না। এ জন্য দরকার প্রশিক্ষণ। এটুআই প্রকল্পে ই-লার্নিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে। চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর চাকরিদাতাদের আত্মবিশ্বাস থাকতে হবে। তাহলে প্রতিবন্ধী প্রার্থীরাও আত্মবিশ্বাসী হবেন।

ক্লিপটন গ্রুপের এইচআর ও অ্যাডমিন বিভাগের প্রধান সিদ্দিক চৌধুরী তাঁদের প্রতিষ্ঠানে ৪৩ জন প্রতিবন্ধী কর্মরত আছেন উল্লেখ করে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি করার ক্ষেত্রে সহকর্মীদের মানসিকতা বড় প্রতিবন্ধকতা। তাঁরা তাঁদের বোঝা মনে করেন।

প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান যেমন সৃষ্টি হচ্ছে, তেমনি কর্মক্ষেত্রে নতুন নতুন বাধা তৈরি হচ্ছে মন্তব্য করে এ কে খান ফাউন্ডেশনের মুখ্য সমন্বয়ক আবুল বাশার বলেন, এসব বাধা চিহ্নিত করে সমস্যা সমাধানে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা বলেন, প্রতিবন্ধী নারী ও কিশোরীদের সংকট সবচেয়ে বেশি। কর্মসংস্থানের প্রবেশ আগে তাঁদের তৈরি করতে হবে। চাকরিদাতাদের ইতিবাচক মানসিকতা থাকতে হবে। চাকরিদাতাদের যেন তাঁদের প্রতি সহমর্মিতা থাকে, আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে।

মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের অধ্যক্ষ আশরিফা তানজীম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে অনেক কাজ করার আছে। তাঁদের প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়।

গোলটেবিল বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন এডিডি ইন্টারন্যাশনালের কর্মসূচি সমন্বয়ক মো. আবদুর রাকিব। সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।