গণমাধ্যমে নারী সাংবাদিকের সংখ্যা বেড়েছে। কিন্তু গণমাধ্যমের জন্য জেন্ডার-বিষয়ক নীতিমালা না থাকায় কর্মক্ষেত্রে নারী সাংবাদিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘নারী সাংবাদিকদের সমস্যা ও করণীয়’ শীর্ষক কর্মশালায় আলোচকেরা এ কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় দ্রুত নীতিমালা তৈরি করে নারীবান্ধব কর্ম-পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা নারী সাংবাদিকেরা বলেন, গণমাধ্যমে নারী সাংবাদিকের সংখ্যা বাড়লেও নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের উপস্থিতি অনেক কম। তাঁরা কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হওয়াসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা নিয়োগ-প্রক্রিয়া স্বচ্ছ করা, নারীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা, শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরি ও মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করারও দাবি জানান।আয়শা খানম নারী কর্মশালা থেকে পাওয়া সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো ও গণমাধ্যমের জন্য জেন্ডার-ভিত্তিক নীতিমালা তৈরিতে সহায়তা করার আশ্বাস দেন।ঢাকার বাইরে থেকে আসা নারী সাংবাদিকেরা কর্মক্ষেত্রের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, তাঁদের কাজ অনেক ক্ষেত্রে সমাজ এমনকি পরিবারও সহজভাবে মেনে নিতে পারছে না। কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীরা নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। ঢাকার এক সাংবাদিক পুরুষ সহকর্মীর মাধ্যমে যৌন নির্যাতনের ঘটনা তুলে ধরেন। তিনি জানান, পত্রিকার সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন, তবে ব্যবস্থা নেননি সম্পাদক।কর্মশালার বিশেষ অতিথি ইংরেজি দৈনিক নিউএজ-এর সম্পাদক নূরুল কবীর বলেন, পেশাদারি বাড়ানোর পাশাপাশি সমস্যা সমাধানে নারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মহিলা পরিষদের প্রচার ও গণমাধ্যম সম্পাদক কাজী সুফিয়া আখতার।