কর্মক্ষেত্রে হয়রানি ও বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কাজ করেন বিপুলসংখ্যক নারী। ছবি: রয়টার্স
বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কাজ করেন বিপুলসংখ্যক নারী। ছবি: রয়টার্স

তৈরি পোশাক কারখানার নারী শ্রমিকদের ১২৬ জন কর্মক্ষেত্রে মৌখিক নির্যাতনের শিকার হন। আর যৌন নির্যাতনের শিকার হন ১৮ জন। মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন যথাক্রমে ১০৬.৫ এবং ৩০ জন। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত ১৫০ জন নারী শ্রমিকের ওপর দ্বৈবচয়ন পদ্ধতিতে পরিচালিত এক গবেষণা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক খাতের নারী শ্রমিকদের নিয়ে কাজ করা ‘কর্মজীবী নারী’ আয়োজিত একটি সেমিনারে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) অধ্যাপক জাকির হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ এ গবেষণা প্রতিবেদনটি তৈরি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স সেফটি ফোরামের আহ্বায়ক হামিদা হোসেন।

অধ্যাপক জাকির হোসেন মূল প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেন, বেশির ভাগ নারী পোশাকশ্রমিক কাজে যোগ দেওয়ার সময় নিয়োগসংক্রান্ত অধিকার থেকে বঞ্চিত। ১৫০ জনের মধ্যে ৫১.৩ শতাংশ (৭৬ জন) বলেছেন, তাঁরা নিয়োগপত্র, পরিচয়পত্র, পে স্লিপ, সার্ভিস বই, উপস্থিতির কার্ড পান না। এর অর্ধেকই (৫০ শতাংশ) দৈনিক ৯-১০ ঘণ্টা কাজ করেন। বাকি অর্ধেক নারী শ্রমিক দৈনিক ১০ ঘণ্টার বেশি কাজ করেন। ২৭.৩ শতাংশ বলেন, তাঁরা গড়ে দৈনিক ৩ ঘণ্টা অতিরিক্ত সময় কাজ করেন। তাঁরা ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত সময়ের এ কাজ করেন না। বরং অনেক সময় তাঁদের বাধ্য করা হয়।

তৈরি পোশাক কারখানায় কাজের ধরন অনুযায়ী বিশ্রাম একটি অংশ হলেও ৭০ শতাংশের বেশি নারী শ্রমিক বলেছেন, তাঁরা বিশ্রামের সময় পান না। ৭৪ শতাংশ নারী শ্রমিকের রাতে কাজ করার অভিজ্ঞতা আছে। জরিপে অংশ নেওয়া ২৫ শতাংশ নারী শ্রমিকেরা বলেন, তাঁরা সব সময় সাপ্তাহিক ছুটি পান না।

কারখানার নারী শ্রমিকেরা শারীরিক, মানসিক, মৌখিক এবং যৌন হয়রানির শিকার হন। ৮৪ শতাংশ (১২৬ জন) উত্তরদাতা নারী বলেন, তাঁরা মৌখিক নির্যাতনের শিকার হন। মৌখিক নির্যাতন বলতে তারা কর্তৃপক্ষ ও সুপারভাইজার কর্তৃক বকাঝকা এবং নিজেদের ও মা-বাবা তুলে গালাগাল করা বুঝিয়েছেন। মানসিক নির্যাতন বলতে তাঁরা বকাঝকার পাশাপাশি কাজ থেকে ছাঁটাইয়ের ঝুঁকি বোঝান। এ ছাড়া কাজের চাপ ও টার্গেট পূরণ এবং এই টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত কারখানা থেকে বের হতে না দেওয়াকেও মানসিক নির্যাতন হিসেবে উল্লেখ করেন।

২০ শতাংশ (৩০ জন) নারী শ্রমিক শারীরিক নির্যাতন এবং ১২ শতাংশ (১৮ জন) যৌন নির্যাতনের শিকার হন। শারীরিক নির্যাতন বলতে তাঁরা চড় এবং শরীরের বিভিন্ন জায়গায় (মুখ, মাথা, পিঠে এবং গলায়) ধাক্কা দেওয়া বোঝান। এবং যৌন নির্যাতন বলতে বেশির ভাগ নারী শ্রমিক তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় (মুখ, গলা, মাথা, পিঠ) অপ্রত্যাশিতভাবে হাত দেওয়া এবং গালাগালকে বোঝান।

নারী শ্রমিকদের ওপর করা গবেষণা প্রতিবেদনে উঠে আসে, শ্রম আইন অনুযায়ী নির্ধারিত চার মাসের মাতৃত্বকালীন ছুটি পান না। অনেক সময় গর্ভবতী হওয়ার পর অনেক নারী শ্রমিকের কাজ চলে যায়। তা ছাড়া মাসিক চলাকালীন তাঁরা আগে চলে যাওয়া, কাজের কম চাপ এবং বসে কাজ করা এবং ওষুধ ও স্যানিটারি ন্যাপকিনের সুবিধা পান না।

অধ্যাপক জাকির হোসেন মূল প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেন, এ প্রতিবেদনের উদ্দেশ্য, তৈরি পোশাক খাতে কর্মরত নারী পোশাকশ্রমিকদের অধিকার বাস্তবায়নের বর্তমান অবস্থা তুলে ধরা। এ প্রতিবেদনে নারী পোশাকশ্রমিকদের শ্রম আইনের বিভিন্ন ধারা-নিয়োগপত্র, কর্মঘণ্টা, বিশ্রাম ও ছুটি, কর্মপরিবেশ, কল্যাণ ও সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রের উপস্থিতির ওপর আলোকপাত করা হয়েছে। এ ছাড়া প্রতিবেদনে নারী পোশাকশ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং পেশাগত অগ্রগতির প্রত্যাশার চিত্রও উঠে আসে।

জাকির হোসেন বলেন, দেশের সরকার ও আন্তর্জাতিক শ্রম আইনে দেওয়া সুবিধাগুলো এসব কারখানার নারী শ্রমিকেরা পাচ্ছেন না। এ প্রতিবেদন তৈরিতে যাঁদের সঙ্গে কথা বলা হয়েছে, তাঁরা ঢাকা ও গাজীপুরের বিভিন্ন কারখানায় (৬৪টি) অন্তত এক বছর ধরে কাজ করছেন। গবেষণা প্রতিবেদনে দেশের তৈরি পোশাক খাতে কর্মরত নারী শ্রমিকদের একটি অবস্থার ধারা বা প্রবণতা তুলে ধরা হয়েছে।

সেমিনারে বক্তাদের কয়েকজন পোশাকশিল্পে উৎপাদন বাড়াতে এবং মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার আহ্বান জানান। একই সঙ্গে পোশাকের বিদেশি ক্রেতাদের সঙ্গে পোশাকের দাম নির্ধারণে পোশাক মালিকদের দর-কষাকষির ক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।

কর্মজীবী নারীর সভাপতি এবং ঐক্য সিএসও (সিভিল সোসাইটি অর্গানাইজেশন) প্ল্যাটফর্মের সদস্য প্রতিমা পাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি নাদিয়া আফরিন শামস, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক, আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহমহিলা সম্পাদক হামিদা খাতুন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লিমা ফেরদৌস, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলি ইয়াসমিন প্রমুখ।