কর্মচঞ্চল রাজপথ, স্বাভাবিক জনজীবন

অবরোধ-হরতাল পায়ে ঠেলে কর্মচঞ্চল হয়ে উঠেছে ঢাকাসহ সাত বিভাগীয় শহর। জনজীবনও প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। গাড়ির চাপে শহরগুলো যেন এখন যানজটের নগর। রাস্তায় অবরোধ-হরতালের নামগন্ধ নেই।
রাজধানীর বিমানবন্দর সড়ক। বনানী উড়ালসড়ক থেকে নেমেই যানজট। বনানী, কাকলী, চেয়ারম্যানবাড়ি ছাড়িয়ে মহাখালী উড়ালসড়কের ওপরও আটকে আছে যানবাহন। উড়ালসড়কের নিচেও যানজট।
বেলা সোয়া ১১টা থেকে দেড়টা পর্যন্ত বিমানবন্দর সড়ক এলাকায় ঘুরে এই দৃশ্য দেখা গেল। অবশ্য রাজধানীর বেশির ভাগ সড়কেই গতকাল এমন দৃশ্য চোখে পড়েছে। চেয়ারম্যানবাড়ি এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির একদল ছাত্র বাস থেকে নেমে ফুটপাত ধরেই হাঁটছিলেন। বিবিএর ছাত্র অমিত বললেন, নাখালপাড়া এলাকায় তাঁর বাসা। যে যানজট, বাসের আগেই হেঁটে বাসায় পৌঁছে যেতে পারবেন।
ডিএমপির উপকমিশনার (ট্রাফিক-উত্তর) আবদুল কুদ্দুস আমিন বলেন, হরতালে প্রায় সারা ঢাকাতেই যানবাহন অনেক বেশি চলছে। তবে তেজগাঁও এলাকায় উড়ালসড়কের কাজ চলায় এবং কারওয়ানবাজার এলাকায় মেট্রোরেলের মাটি যাচাইয়ের জন্য রাস্তার কিছু অংশ বন্ধ থাকায় মহাখালী থেকে বনানী পর্যন্ত অনেক রাস্তায় যানবাহন আটকে থাকছে বা ধীরে চলছে।
সিলেট নগরের চার রাস্তার মিলনস্থল চৌহাট্টা মোড়। বেলা দেড়টার দিকে পশ্চিম দিকের ভিআইপি সড়কে লেগে গেছে রিকশা-অটোরিকশার জট। এই মোড়ে কয়েক দিন ধরেই এই অবস্থা চলছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে যেন ক্লান্ত ট্রাফিক পুলিশের সদস্যরা।

জানতে চাইলে সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম দাবি করেন, এটা স্বাভাবিক চিত্র নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে একধরনের বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে, মিছিল-মিটিং করতে দেওয়া হচ্ছে না, এ অবস্থায় হরতাল তো এমনই হবে।’
যানবাহন চলাচল স্বাভাবিক ছিল বরিশাল নগরেও। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী আন্তজেলা বাস টার্মিনালসহ সব সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে। হাসপাতাল রোড, ফজলুল হক অ্যাভিনিউ, সাগরদি এলাকায় ছিল গাড়ির প্রচণ্ড ভিড়।
বরিশালে দিনে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাতে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়েনি। জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন, ‘হরতাল নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। পরিবহন মালিকদের ভয় নাশকতা। তাই দিনে গাড়ি চললেও রাতে চলে না।’
দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা! রংপুর শহরের কাচারী বাজার থেকে সিটি করপোরেশনের সামনে দিয়ে প্রধান সড়ক ছিল যানবাহনে ঠাসা। দিনের বেশির ভাগ জুড়েই এই জট লক্ষ করা গেছে। সুপার মার্কেটের মোড় থেকে পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড় থেকে সোনালী ব্যাংকের সামনে দিয়ে শাপলা চত্বর পর্যন্ত গাড়ির ভিড় লেগেই ছিল। জাহাজ কোম্পানী মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার চালক রবিউল ইসলাম বলেন, ‘শহর দেখে বোঝার কোনো উপায় নেই হরতাল চলছে।’
অবরোধ-হরতালে চট্টগ্রামের সঙ্গে ৮২টি রুটের সড়ক যোগাযোগ স্থবির হয়ে পড়েছিল। এখন সেই স্থবিরতাও কেটে যাচ্ছে। নগরে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচল ছিল স্বাভাবিক। জিইসির মোড়, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, অলংকার, আগ্রাবাদ, ইপিজেড মোড়, কোতোয়ালি মোড়সহ বিভিন্ন এলাকায় যানজট দেখা গেছে।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম জানান, ৮২টি রুটে তাদের বাসের সংখ্যা আড়াই হাজারের বেশি। স্বাভাবিক সময়ে প্রতিটি গাড়ির দুই ট্রিপ করে প্রায় পাঁচ হাজার ট্রিপ দিত। অবরোধ-হরতালে এই ট্রিপের সংখ্যা কমে গিয়েছিল। এখন তা আবার প্রায় স্বাভাবিক হয়েছে। দিনে এখন প্রায় সাড়ে চার হাজার ট্রিপ দিচ্ছে গাড়িগুলো। তবে রাতে সীমিতভাবে গাড়ি চলছে।
রাজশাহী নগরের আরডিএ মার্কেট। ঘড়ির কাঁটায় বেলা ২টা ১০ মিনিট। মার্কেটের সামনে পার্কিংয়ের জায়গায় ঠাসাঠাসি করে রাখা সাইকেল-মোটরসাইকেল। মার্কেটের ভেতরেও ক্রেতাদের ভিড়। সব রুটে বাস ছেড়ে গেছে। তবে যাত্রী ছিল কিছুটা কম। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন জানান, দিনে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাতে তাঁরা আপাতত ঝুঁকি নিচ্ছেন না।
স্বাভাবিক হয়ে এসেছে খুলনার জনজীবনও। নগরের সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে। ঈগল পরিবহনের ব্যবস্থাপক শাহাবুদ্দিন বাবু বলেন, আগে অবরোধ-হরতালে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। সোহাগ পরিবহনের এক কর্মচারী জানান, আগে অবরোধে কোনো গাড়ি ছাড়ত না। কিন্তু গতকাল দিনে তাদের সাতটি গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রাতে যাবে আরও ১০-১১টি। প্রায় সব পরিবহনেরই একই চিত্র বলে তিনি জানালেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম এবং বরিশাল অফিস]