
কর্মচারীদের পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতন ও পদোন্নতি নীতিমালা সংশোধনসহ চার দফা দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মচারী ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি ছয় দিন ধরে অব্যাহত রয়েছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। গত বুধবার থেকে কর্মচারী ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে।
কর্মবিরতির অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বেলা একটায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নেয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সহসভাপতি শাহীন বেগ, সাধারণ সম্পাদক নূর আলম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জমসেদ আলী প্রমুখ।
কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৪০৬ জন কর্মচারীর মধ্যে ৫৮ জন কর্মচারীর ৪৪ মাসের বেতন বকেয়া রয়েছে। তাঁদের বকেয়া বেতনসহ ১৩৯ জন কর্মচারীর পদোন্নতিও আটকে আছে। এ ছাড়া ২৬ জন অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী করা হয়নি।
বক্তারা বলেন, কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ ও পদোন্নতি নিয়ে গত কয়েক বছর ধরে টালবাহানা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার পদোন্নতির জন্য সাক্ষাৎকার নেওয়া হয়েছে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে। অথচ এই বোর্ডের সাক্ষাৎকার রংপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হলো না। তাহলে রংপুরে বিশ্ববিদ্যালয় স্থাপন করে লাভ কী হলো?
পদোন্নতির বিষয়টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই সমাধান করতে হবে। এসব দাবি নিয়ে আর কোনো আশ্বাস শুনতে চান না বলেও স্পষ্ট জানিয়ে দেন বিক্ষুব্ধ কর্মচারীরা।
কর্মচারী ইউনিয়নের সহসভাপতি শাহীন বেগ প্রথম আলোকে বলেন, ‘গত ২৭ জুন রংপুর থেকে ঢাকায় গিয়ে অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে অধিকাংশ কর্মচারী সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। আজকে ক্যাম্পাসে উপাচার্য স্যার উপস্থিত নেই। তিনি (উপাচার্য) কাল ঢাকা থেকে রংপুরে এসে আমাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। তবে দাবি না মানা পর্যন্ত কর্মচারীদের আন্দোলন অব্যাহত থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর বলেন, বিষয়টি নিয়ে কর্মচারী ইউনিয়নের সঙ্গে বৈঠক করবে কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।