কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল
কর্মচারী ও চিকিৎসকদের পাল্টাপাল্টি ধাওয়া, চার কর্মচারী বরখাস্ত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বেসরকারি কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে (সিবিএমসিবি) গতকাল শুক্রবার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। কর্মচারীদের হাতে দুই ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। কর্তৃপক্ষ চার কর্মচারীকে স্থায়ীভাবে বরখাস্ত ও কর্মচারী ইউনিয়ন বাতিল ঘোষণা করেছে।শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে চুতর্থ শ্রেণীর কর্মচারী হোস্টেলের কেয়ারটেকার দুলাল মিয়া ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ রনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ খবর শুনে রনির সহকর্মীরা দুলাল মিয়াকে ধাওয়া করেন। দুলাল পালিয়ে গেলেও কিছুক্ষণ পর লাঠিসোঁটাসহ কয়েকজন গ্রামবাসীকে নিয়ে ক্যাম্পাসে ফিরে আসেন। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে তাঁদের ধাওয়া দেন। এ সময় চতুর্থ শ্রেণীর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান হোসেন শাওন নামে এক চিকিৎসককে মারধর করা হয়। পরে মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার মুহিত এবং ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহাগকে স্থানীয় আনসার কমান্ডার দুলাল ও কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান হুমকি দেন। এ ঘটনায় চার কর্মচারীর স্থায়ী অপসারণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ করেন। বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্যরা বৈঠকে বসেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে লাঠি নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্মচারীরা বিদ্যুৎসংযোগ বন্ধ করে ক্যাম্পাসে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। ভাঙচুরের ঘটনার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। রাত আটটায় অভিযুক্ত কেয়ারটেকার দুলাল মিয়া, চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন ও মহিলা হোস্টেলের কেয়ারটেকার মানিক মিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এবং ক্যাম্পাসে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়। রাত সাড়ে আটটার দিকে খবর ছড়িয়ে পড়ে গ্রামবাসী হোস্টেলে হামলা করেছে। এতে হোস্টেলে থাকা প্রায় ৭০০ শিক্ষার্থী বেরিয়ে গ্রামবাসীকে ধাওয়া করেন। আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়।মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার মুহিত প্রথম আলোকে জানান, কর্মচারীরা তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন। কলেজ পরিচালনা কমিটির সদস্য, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শিশু বিভাগের প্রধান অধ্যাপক করিম বলেছেন এখন পরিস্থিতি শান্ত। ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেছেন সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।