বই মানুষকে আলোর পথ দেখায়। জীবনকে করে আলোকিত। সেই বই পড়ার স্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গণগ্রন্থাগারটি লোকবলের অভাবে ১১ বছর ধরে বন্ধ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রায় আড়াই হাজার বই নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় গ্রন্থাগারটি আবার চালু করার দাবি জানিয়েছেন সাধারণ পাঠকেরা।
গ্রন্থাগার ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের ২৭ অক্টোবর গ্রন্থাগার চালু হয়। শুরু থেকেই উপজেলার খাড়েরা গ্রামের মুক্তিযোদ্ধা মো. শাহ আলম এটির দেখাশোনার দায়িত্বে ছিলেন। এ জন্য উপজেলা পরিষদ থেকে তিনি মাসে ২ হাজার টাকা পেতেন। ২০০৫ সাল পর্যন্ত তিনি সেখানে চাকরি করেন। ওই বছরই উপজেলা পরিষদ থেকে তাঁর সম্মানী বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই গ্রন্থাগারটি বন্ধ পড়ে আছে।
মো. শাহ আলম বলেন, বিনা বেতনে চাকরির কথা বলায় তিনি ২০০৫ সালে চাকরি ছেড়ে দেন। সেই থেকেই গ্রন্থাগারটি বন্ধ। গ্রন্থাগারটিতে মূল্যবান ২ হাজার ৪০০ বই ছিল। ১১ বছরে সেগুলো নষ্ট হয়ে গেছে। প্রতিদিন গ্রন্থাগারটিতে পত্রিকা আর বই পড়তে পাঠকেরা আসতেন।
কসবা বন্ধুসভার সভাপতি রাকিবুল হক বলেন, ‘প্রায় চার বছর আগে গ্রন্থাগার ধুয়েমুছে পরিষ্কার করেছিলাম। তখন গ্রন্থাগারটি চালু করতে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। গ্রন্থাগারটি চালু করার দাবি করছি।’
কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা বলেন, ‘একসময় আমরা বন্ধুরা নিয়মিত গ্রন্থাগারটিতে পড়াশোনা করেছি। গ্রন্থাগারটি চালু থাকলে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারত। গ্রন্থাগারটি বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছে না।’
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম বলেন, গণগ্রন্থাগারটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।