কর্মচারী নিয়োগ পরীক্ষার ফল এক মাসেও প্রকাশ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর অঞ্চল নারায়ণগঞ্জ কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। গত ১৮ মার্চ ৩৪টি পদের বিপরীতে ৪৫০ জনের পরীক্ষা নেওয়া হয়। এর এক মাস পার হলেও পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী বলেন, দেশের বিভিন্ন স্থানে কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষার ফল সেদিন বা পরদিনই দেওয়া হয়। পছন্দের প্রার্থীদের নিয়োগদান ও নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য নারায়ণগঞ্জে ফল প্রকাশে দেরি করা হচ্ছে। এ অনিয়মের সঙ্গে কর অঞ্চল নারায়ণগঞ্জ কার্যালয়ের কমিশনারসহ কয়েকজন কর্মকর্তা জড়িত।

২০১৫ সালের ১৪ জুলাই কর অঞ্চল নারায়ণগঞ্জ কার্যালয়ে শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৮ মার্চ নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজে লিখিত পরীক্ষা নেওয়া হয়। পদগুলো হচ্ছে ব্যক্তিগত সহকারী একজন, উচ্চমান সহকারী দুজন, সাঁট মুদ্রানীতি চারজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাতজন, গাড়িচালক চারজন, মেশিন অপারেটর একজন, নোটিশ সার্ভার পাঁচজন, অফিস সহায়ক (এমএলএসএস) তিনজন ও নৈশপ্রহরী (দারোয়ান) সাতজন।

কর অঞ্চল নারায়ণগঞ্জ কার্যালয়ের কমিশনার ও নিয়োগ কমিটির সভাপতি সনজিদা খাতুন বলেন, ‘খাতা দেখা শেষ হয়নি। তাই ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এতে বিশেষ কাউকে সুযোগ দেওয়া বা আর্থিক অনিয়মের জন্য এমনটা করা হচ্ছে না। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে পারব।’

তবে কর অঞ্চল নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-কর কমিশনার ও নিয়োগ কমিটির সদস্যসচিব বখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, পরীক্ষার খাতা শিক্ষকদের দিয়ে কাটানো হয়েছে। ১ এপ্রিল বিভাগীয় নির্বাচন কমিটি ফলাফল প্রস্তুত করে কমিশনারের কাছে জমা দিয়েছে।