কর্মচারী নিয়োগে ঘুষ নেওয়ার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর হাসপাতালে ঘুষ নিয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নিয়োগ-প্রক্রিয়া বাতিল করে নতুন করে নিয়োগের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসকের কাছে।প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরিপ্রার্থী শতাধিক ব্যক্তি গতকাল বেলা ১১টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহবাসী ব্যানারে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, সদর হাসপাতালে লোক নিয়োগে সিভিল সার্জনের কার্যালয়ে মোটা অঙ্কের ঘুষ-বাণিজ্য হয়েছে। কয়েকজন ব্যক্তি অনেক টাকার বিনিময়ে লোক নিয়োগের ব্যবস্থা করেছেন। এ সময় বক্তব্য দেন প্রদীপ কুমার, রহিমা আক্তার, লিটু বিশ্বাস, বিজন হালদার, মনোজ সরকার প্রমুখ।সদর হাসপাতালে সুইপার, ক্লিনার, ঝাড়ুদার পদে অহরিজনদের নিয়োগের প্রতিবাদে বেলা একটার দিকে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেন হরিজন সম্প্রদায়ের লোকজন। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঝিনাইদহ শাখা আয়োজিত এ মিছিল জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা মানববন্ধন করেন। নিয়োগ-প্রক্রিয়া বাতিল করে নতুন করে নিয়োগের দাবিতে পরে তাঁরা জেলা প্রশাসক রমা রানী রায়ের কাছে স্মারকলিপি দেন। বাড়ি ফিরে যাওয়ার পথে ক্ষুব্ধ হরিজনেরা সিভিল সার্জন কার্যালয়ের বারান্দায় বালতি ভর্তি মলমূত্র ও ময়লা-আবর্জনা নিক্ষেপ করেন। এ সময় ওই কার্যালয়ের লোকজন দুর্গন্ধে অফিস থেকে বেরিয়ে আসেন।প্রসঙ্গত, ঝিনাইদহ সদর হাসপাতালে অফিস সহকারী, কার্ডিওগ্রাফার, এমএলএসএস, কম্পাউন্ডার, জুনিয়র মেকানিক, ওয়ার্ডবয়, আয়া, সুইপারসহ বেশ কয়েকটি পদে ৩০ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ নিয়োগের বিপরীতে প্রায় তিন হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেন। গত ৩০ সেপ্টেম্বর সিভিল সার্জনের কার্যালয়ে গোপনে ফলাফল প্রকাশ করে নিয়োগপত্র দেওয়া হয়। এর প্রতিবাদে রোববার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও সিভিল সার্জন কার্যালয়ে ভাঙচুর চালান নিয়োগবঞ্চিত ব্যক্তিরা। এ ব্যাপারে বক্তব্য জানতে সিভিল সার্জন কেরামত আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিক হরিজনদের ময়লা ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন।