দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পার্বতীপুর উপজেলা কমান্ড। জামায়াত-সমর্থিত দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের নিয়ে নিয়োগ কমিটি গঠন করে মুক্তিযোদ্ধা সন্তানদের বঞ্চিত করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেপুটি কমান্ডার সিদ্দিক হোসেন। অভিযোগে বলা হয়, ১১৫ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী (খালাসি) নিয়োগের জন্য ২০১০ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ছয় মাস ধরে পর্যায়ক্রমে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ না করে শুধু মৌখিক পরীক্ষা নেয় তিন সদস্যের নিয়োগ কমিটি। প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ-বাণিজ্য করার লক্ষ্যে প্রথম শ্রেণীর কর্মকর্তার স্থলে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের নিয়ে নিয়োগ কমিটি গঠন করেন। নিয়োগ কমিটির চেয়ারম্যান খন্দকার রফিকুল আলম, সদস্য আলতাব হোসেন ও আবদুল খালেক দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও জেলা কোটা মানা হয়নি। পার্বতীপুরে ৮০ জন মুক্তিযোদ্ধার সন্তান আবেদন করলেও টাকা দিতে না পারায় তাঁদের একজনেরও চাকরি হয়নি।এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হাসান মনসুর বলেন, ১১৫ খালাসি পদে প্রায় পাঁচ হাজার আবেদন জমা পড়ে। পার্বতীপুরসহ দিনাজপুর জেলায় কোনো মুক্তিযোদ্ধার সন্তান চাকরি না পেলেও সারা দেশ থেকে মুক্তিযোদ্ধা কোটায় ১৭ জন নিয়োগ পেয়েছেন। তাই উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আর ঢাকার রেল ভবন থেকে নিয়োগ কমিটি গঠন করা হয়েছে। তিনি শুধু তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।