পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার উপপরিচালকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির কর্মচারী (আয়া) নিয়োগে জালিয়াতি করে ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তের জন্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক আজ বুধবার চুয়াডাঙ্গায় আসছেন।
এ ঘটনায় সদর উপজেলার বোয়ালমারী গ্রামের আরজিনা খাতুন নামের একজন চাকরিপ্রার্থী গত শুক্রবার ওই নিয়োগে জনবল বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। এর অনুলিপি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৭টি দপ্তরে পাঠানো হয়েছে। এতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিমকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ব্রজগোপাল ভৌমিক চুয়াডাঙ্গায় আসছেন।
লিখিত অভিযোগে আরজিনা খাতুন উল্লেখ করেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে শূন্যপদে একজন আয়া নিয়োগের জন্য ২০১৪ সালের ২৫ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বছরের ৩০ নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় তিনি পাস করেন এবং ২০১৫ সালের ৪ মে মৌখিক পরীক্ষায় অংশ নেন। ওই পদে চারজন চাকরিপ্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ নম্বর পান। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ফল চূড়ান্ত করে তাঁর রোল নম্বর গত ১৬ মে চুয়াডাঙ্গা উপপরিচালকের কার্যালয়ে পাঠান। তা ১৭ মে নোটিশ বোর্ড ও স্থানীয় পত্রিকায় প্রকাশের কথা থাকলেও করা হয়নি। ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল হক ফল হাতে পাওয়ার ২১ দিন পর তা প্রকাশ করেন। সেখানে চূড়ান্ত হিসেবে অন্য রোল নম্বর উল্লেখ করা হয়। ওই রোল নম্বরধারী সবচেয়ে কম নম্বর পেলেও আনসার-ভিডিপির কোটায় তাঁকে চাকরি দেওয়া হয়েছে।
আরজিনা খাতুন বলেন, মাত্র একটি শূন্যপদের ওই নিয়োগে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার প্রার্থী ছিলেন না। বিধি মোতাবেক ১০ শতাংশ আনসার-ভিডিপির কোটা সংরক্ষিত আছে। সে হিসাবে একটি পদের বিপরীতে শূন্য দশমিক ১ শতাংশ সংরক্ষিত থাকার কথা। তাই ওই কোটায় নিয়োগের সুযোগ নেই।
ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিম বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেই কেউ চাকরি পাবেন এ ধারণা ঠিক নয়। নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হয়। সবকিছু হিসাব-নিকাশ করেই নিয়োগ দেওয়া হয়েছে। কোনো টালবাহানা বা কারচুপি নয়, কোটা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় মহাপরিচালকের চূড়ান্ত নির্দেশের পর ফল প্রকাশ করা হয়েছে। তা ছাড়া তাঁর একার পক্ষে কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই। তিন সদস্যের জনবল নিয়োগ বা বাছাই কমিটি যোগ্য প্রার্থীকেই চাকরি দিয়েছে।
জনবল নিয়োগ বা বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সায়মা ইউনুস গতকাল মঙ্গলবার বলেন, আরজিনা খাতুনের অভিযোগ ঠিক নয়। চাকরিবিধি মেনেই নিয়োগ দেওয়া হয়েছে।