রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা উপেক্ষা করার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ড গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পাঠিয়েছে। বুধবার সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ ব্যাপারে অভিযোগ তুলেছে। স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে ১০৩ জনকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানের সংখ্যা নয়জন। অথচ সরকারঘোষিত ৩০ শতাংশ কোটা অনুযায়ী ১০৩ জনের মধ্যে ৩১ জন মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি পাওয়ার কথা। এর আগে চারদলীয় জোট সরকারের আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একইভাবে মুক্তিযোদ্ধা কোটায় অন্য প্রার্থী দিয়ে কোটা পূরণ করা হয়েছে। স্মারকলিপিতে সম্প্রতি যে ১০৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, তা অবিলম্বে বাতিল করে মুক্তিযোদ্ধা কোটা পূরণের মাধ্যমে পুনরায় নিয়োগের দাবি জানানো হয়। অন্যথায় রাজশাহীর মুক্তিযোদ্ধারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ‘আপনি মুক্তিযোদ্ধাদের সম্মান করে তাঁদের চাকরিতে নিয়োগের সুবিধার্থে যে বিধিবিধান করেছেন, তা আমলাদের পুরোপুরি মানতে বাধ্য করুন এবং যাঁরা এটা লঙ্ঘন করছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুন।’ স্মারকলিপিতে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা কমান্ডার সাইদুর রহমান, আবদুল মালেক চৌধুরী, মাহবুব কামাল চৌধুরী, জহির উদ্দিন, আবদুর রশীদ মাস্টার প্রমুখ স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য জানতে ফোন করলে উপরেজিস্টার এ কে এম সিদ্দিক বলেন, উপাচার্য নিয়োগসংক্রান্ত একটি সভায় আছেন। তাঁর জানামতে, মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পেয়েছেন, কিছু কম হয়েছে। ভবিষ্যতে তা পূরণ করা হবে বলে উপাচার্য মুক্তিযোদ্ধাদের আশ্বাস দিয়েছেন।