জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের পদত্যাগের দাবিতে ডাকা কর্মবিরতি গতকাল বুধবার প্রত্যাহার করেছে কর্মচারী সমিতি। এ ঘটনায় সমিতির দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন ওই শিক্ষক। এদিকে শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে গতকাল উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
কর্মচারী সমিতি সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রয়াত তিন কর্মচারীর সন্তানের চাকরির দাবি জানিয়ে আসছে সমিতি। এ দাবি নিয়ে গত মঙ্গলবার দুপুরে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করতে যান সমিতির সভাপতি অমর চাঁদ মণ্ডল ও সাধারণ সম্পাদক আবদুল খালেক। সেখান থেকে বের হয়ে অজিত কুমারের বিরুদ্ধে তাঁরা দুর্ব্যবহারের অভিযোগ করেন। এরপর সমিতির জরুরি সভায় তাঁরা ভারপ্রাপ্ত শিক্ষকের পদ থেকে অজিত কুমারের পদত্যাগ দাবি করেন। দাবি মানা না হলে আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর পৌনে ১২টার দিকে উপাচার্য ফারজানা ইসলাম তাঁর কার্যালয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে পাঠান। সেখান থেকে বের হয়ে এসে তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
এদিকে গতকাল বেলা একটার দিকে অজিত কুমারের পদত্যাগ দাবির প্রতিবাদে উপাচার্য ফারজানা ইসলামকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগ এবং বর্ষের প্রায় ৩০০ শিক্ষার্থী স্বাক্ষর করেন।
সমিতির সম্পাদক আবদুল খালেক বলেন, ‘আমাদের আর কোনো কর্মসূচি নেই। আমরা চাই মৃত কর্মচারীর সন্তানদের চাকরি হোক। উপাচার্য আমাদের তেমনি আশ্বাস দিয়েছেন।’
অজিত কুমার মজুমদার বলেন, ‘তাঁরা চাকরি দিতে বলছেন। কিন্তু গ্রন্থাগারে এই মুহূর্তে কোনো কর্মচারী দরকার নেই। তাঁরা আমার সঙ্গে দুর্ব্যবহার করে বাইরে গিয়ে উল্টো অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেছেন। তাঁদের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেব।’