অপহরণের ছয় দিন পরও সন্ধান মেলেনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনের। তাঁর সন্ধানের দাবিতে হাসপাতালের কর্মচারী সমিতি ১৬ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে। এ ছাড়া শহরের ধাপ এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
কর্মচারী সমিতির অভিযোগ, আব্রাহাম লিংকনকে ১৫ ফেব্রুয়ারি বেলা একটার দিকে হাসপাতালের সামনে মহাসড়কের পাশের একটি চায়ের স্টল থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। সাদা পোশাক পরা আট-নয়জন সদস্যের অপহরণকারী দলটি নম্বরবিহীন একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে তুলে নিয়ে যায়।
ওই রাতে লিংকনের স্ত্রী ফারজানা শারমিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেন।
তবে এ মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি। অপহরণের পরদিন বিক্ষুব্ধ কর্মচারীরা হাসপাতালের পরিচালককে তাঁর কক্ষে দিনভর অবরুদ্ধ করে রাখেন। এ ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীরা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন শুরু করেন।
অন্যদিকে ধাপ এলাকাবাসীও সংবাদ সমেঞ্চলনসহ শহরে বিক্ষোভ মিছিল করেন। গত বৃহস্পতিবার এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে সঞ্চারকলিপি দেন।
সঞ্চারকলিপিতে আজ শনিবারের মধ্যে লিংকনের সন্ধানের দাবি, অপহরণকারীদের গ্রেপ্তার ও লিংকনের পরিবারকে নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। লিংকনের স্ত্রী ফারজানা শারমিনও বৃহস্পতিবার শহরের একটি হোটেলে সংবাদ সমেঞ্চলন করে নিখোঁজ স্বামীর সন্ধান দাবি করেছেন।
হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা লিংকনকে খুঁজে বের করার চেষ্টা করছে।