ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির দুই পক্ষ গত বুধ ও গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি মানববন্ধন করেছে। সমিতির সাধারণ সম্পাদক মেহেরুল ইসলামের ময়মনসিংহ মেডিকেলে বদলির আদেশ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মেহেরুল ইসলামকে কয়েক মাস আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তিনি আবারও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বদলির আদেশ পান। এই খবর জানাজানি হওয়ায় মেহেরুলের ময়মনসিংহে বদলির আদেশ স্থগিত করার দাবিতে গত বুধবার বিকেলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি অংশ তাৎক্ষণিক মানববন্ধন করে। মেহেরুল ইসলাম ও কয়েকজন কর্মচারীর অভিযোগ, গত বুধবার চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আলী হোসেনসহ কয়েকজন নেতা টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়ে মানববন্ধন করিয়েছেন।
গত বুধবার বিকেলে বহিরাগতদের নিয়ে মানববন্ধন করার প্রতিবাদে গতকাল সকালে হাসপাতালের জরুরি বিভাগ ও প্রধান ফটকের সামনে চতুর্থ শ্রেণির কর্মচারীরা মানববন্ধন করেন। এতে কর্মচারী সমিতির নেতা আবুল বাশার, আবদুল লতিফ, আবদুল হালিম, আলাল উদ্দিন, মিন্টু মিয়া প্রমুখ বক্তব্য দেন।