কর্মচারীকে আটকে বিদ্যুৎ পেলেন গ্রাহকেরা
বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল শনিবার রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাঙ্গীরহাট বাজারে পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে আটক করে স্থানীয় জনতা। বিদ্যুৎ সরবরাহ পাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে ঝড়ের পর উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের মেনানগর, ডাঙ্গীরহাট, পাঁচটারী, জুম্মাপাড়া, মাস্টারপাড়া, বড়বাড়ী, সরকারপাড়া, বারোঘরিয়া, ঈমামপাড়া, মুন্সিপাড়াসহ ১২টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এসব গ্রামের অনেক গ্রাহক পাগলাপীর বিদ্যুৎ কার্যালয়ে ধরনা দিয়েও বিদ্যুৎ সরবরাহ পাননি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এসব গ্রাহক।
এই অবস্থায় গতকাল সকাল সাড়ে ৯টায় পাগলাপীর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মিটার টেস্টার হেলাল উদ্দিন ডাঙ্গীরহাট বাজারে যান। খবর পেয়ে ক্ষুব্ধ গ্রাহকেরা তাঁকে আটকে রাখেন। ওই কর্মচারী মুঠোফোনে বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানান। দুই ঘণ্টা পরে গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন আর-রশিদের হস্তক্ষেপে হেলাল উদ্দিনকে ছেড়ে দেন গ্রাহকেরা।
ডাঙ্গীরহাট গ্রামের আবদুল হাই বলেন, ‘অন্য ইউনিয়নে কারেন্ট (বিদ্যুৎ) আছে। হামার ইউনিয়নে ১২টা গ্রামে তিন দিন থাকি কারেন্ট নাই। কারেন্টের জন্য হামার ছেলে-মেয়ের লেখাপড়ার ক্ষতি হয়েছে। মোবাইল চার্জ দিবার না পাওয়ায় হামরা কারও সঙ্গে ফোনোত কতা কবার পাই নাই। এই জন্যে গ্রামের লোক বিদ্যুৎ অফিসের লোকোক আটকে থোছলো। বিদ্যুৎ দেওয়ার পর ওই লোকটাক ছাড়ি দেয়।’
হেলাল উদ্দিন বলেন, ‘ঝড়বৃষ্টির কারণে গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিদ্যুৎ চালুর দাবিতে ডাঙ্গীরহাট বাজারে আমাকে আটকে রাখা হয়েছিল। বিষয়টি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানোর পর বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরে আমাকে ছেড়ে দেওয়া হয়।’
এ বিষয়ে রংপুর-২ পাগলাপীর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মহাব্যবস্থাপক সহরাব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি মিটমাট হয়ে গেছে।’ এরপর তিনি ফোন কেটে দেন।