কর্মচারীকে ছাত্রলীগ নেতার মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেবিন না পেয়ে ছাত্রলীগের এক সাবেক নেতা ওয়ার্ড বয়কে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে৷ ওই নেতাকে গ্রেপ্তারের দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা প্রায় এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন৷
কচুয়ার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার দাস অভিযোগ করেন, গতকাল সকাল পৌনে নয়টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি টেংরাখালী গ্রামের বাসিন্দা খায়রুল আলম তাঁর অসুস্থ চাচি শেফালী বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে ভর্তির কাজ শেষ হওয়ার পর তাঁর চাচিকে মহিলা ওয়ার্ডে নেওয়া হয়। এ সময় খায়রুল আলম তাঁর চাচিকে কেবিন দিতে বললে ওই ওয়ার্ডের ওয়ার্ড বয় সন্তোষ তাঁকে কেবিন খালি নেই বলে জানান। এ কথা শুনে খায়রুল ক্ষুব্ধ হয়ে সন্তোষকে মারধর করে চলে যান।
পরে সন্তোষ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে হাসপাতাল কর্তৃপক্ষ কর্মবিরতি শুরু করে। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওয়ার্ড বয় সন্তোষকে মারধর করার ঘটনায় জড়িত খায়রুল আলমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়।
কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, সন্তোষের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা খায়রুল আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।