কর্মচারীকে লাঞ্ছিত করে ছাত্রলীগের দরপত্র জমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) এক কর্মচারীকে (এমএলএসএস) লাঞ্ছিত করে নির্দিষ্ট সময়ের পর দরপত্র জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এই ঘটনা ঘটে। প্রায় অর্ধকোটি টাকার ওই কাজের দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এলজিইডির প্রায় ৪৮ লাখ টাকার রাস্তা ও কালভার্ট উন্নয়ন এবং সংস্কারকাজের ২৫টি প্যাকেজে অর্ধশতাধিক কাজের দরপত্র জমা দেওয়ার সময় ছিল গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ১২টার পর দরপত্র বাক্স হিসেবে ব্যবহূত উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের জানালা-দরজা বন্ধ করে দেওয়া হয়। সোয়া ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ কবিরের নেতৃত্বে কয়েকজন কর্মী ওই কার্যালয়ে এসে দরপত্র জমা দেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁরা ওই কার্যালয়ের কর্মচারী মুজিবর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তাঁরা বন্ধ কক্ষের দরজার ফাঁক দিয়ে দরপত্র ভেতরে ফেলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী অনুপম পাল প্রথম আলোকে বলেন, ‘অনেক শিডিউল বিক্রি হওয়ায় আমার কার্যালয়টি দরপত্র বাক্স হিসেবে ব্যবহার করা হয়। ঘটনাটি উপজেলা দরপত্র আহ্বান কমিটিকে জানানো হলে কমিটি পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেয়।কর্মচারীকে লাঞ্ছিত করার কথা অস্বীকার করে ছাত্রলীগের নেতা হুমায়ুন কবীর তালুকদার বলেন, লোডশেডিংয়ের জন্য তাঁর শিডিউল ফটোকপি করতে দেরি হয়। তিনি ১০-১২ জন ঠিকাদার নিয়ে নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট পর দরপত্র জমা দিতে যান।