বন্ধ ঘোষণার পরেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এবার প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে তাঁরা গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এ কারণে বিশ্ববিদ্যালয় বর্তমানে কার্যত অচল হয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। সকাল সোয়া নয়টার দিকে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়ে মানববন্ধন শুরু করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে কর্মচারীরা অভিযোগ করেন, উপাচার্য প্রক্টর কামরুজ্জামান ও তাঁর সহযোগীদের দ্বারা পরিচালিত হন। সম্প্রতি উপাচার্যের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হলে প্রক্টর তাঁর লোকদের দিয়ে মাসুদ রানা নামের একজন কর্মচারীকে লাঞ্ছিত করান। অবিলম্বে প্রক্টরিয়াল বডির সদস্যদের অপসারণ না করা হলে তাঁরা কর্মবিরতি অব্যাহত রেখে আরও বড় আন্দোলনে নামবেন বলে হুমকি দেন।কর্মচারী লাঞ্ছিত হওয়ার বিষয়টি স্বীকার করে প্রক্টর মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, সেদিন পুলিশের সামনেই ওই কর্মচারী লাঞ্ছিত হয়েছেন। উপাচার্য ঢাকায় আছেন। তিনি ফিরলে বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।দুর্নীতি, স্বজনপ্রীতি ও আত্মীয়করণের অভিযোগ তুলে গত শুক্রবার থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-কর্মচারীদের একাংশ আন্দোলন শুরু করে। আন্দোলনকারীরা সোমবার উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা কর্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৮ জুন থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।উপাচার্য মোজাফ্ফর হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। তবে উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে উপাচার্যের একক কোনো এখতিয়ার ও সুযোগ নেই। উপাচার্যের কোনো আত্মীয় বিশ্ববিদ্যালয়ে কোনো পদে কর্মরত নেই।