দাবি মেনে নেওয়ার আশ্বাসে রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগর ভবনে আন্দোলনকারীদের সঙ্গে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
নিজেদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে গত রোববার থেকে সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা লাগাতার কর্মবিরতি শুরু করেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগর ভবনের প্রধান ফটকে তালা দেওয়া হয়। তালা ঝোলানো হয়েছিল সিটি করপোরেশনের গ্যারেজ এবং শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায়। এতে কার্যত অচল হয়ে পড়েছিল সিটি করপোরেশন। মঙ্গলবার দুপুরে গ্যারেজ এবং চিড়িয়াখানার তালা খুলে দেওয়া হয়। গতকাল দুপুরের পর থেকে কর্মচারীরা কাজে যোগ দেন।
কর্মচারীদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী মজুরি প্রদান, স্থায়ী কর্মচারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি, স্থায়ী কর্মচারীদের গৃহনির্মাণের ব্যাংকঋণের ব্যবস্থা করা, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পোষ্যদের চাকরি প্রদান, মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ ইত্যাদি।
সভা শেষে কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ বলেন, ‘মেয়র সাহেব সাত দিনের সময় নিয়েছেন। সাত দিনের মধ্যে ১১ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। সিটি করপোরেশনের পাঁচ কাউন্সিলরকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটি আমাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেবে। ফলে আমরা আন্দোলন স্থগিত করেছি। সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা আবারও আন্দোলনে যাব।’
সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, বৈঠকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সাত দিনের সময়সীমার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা বলেছি এই মাসের মধ্যে পর্যায়ক্রমে যৌক্তিক দাবিগুলো সমাধানের চেষ্টা করব।’
বৈঠকে উপস্থিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘কর্মচারীদের কর্মবিরতির ফলে নাগরিক সেবায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। নগর আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল। সাধারণ নাগরিকদের সেবার কথা চিন্তা করে নগর আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী বৈঠকে গিয়েছিলাম। একটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা সবার সঙ্গে আলোচনা করে সমাধান করবে।’