কর্মচারীদের আন্দোলনে জের পথে পথে আবর্জনার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন ধরে কর্মবিরতিতে আছেন রাজশাহী সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা (ইনসেটে)। তাঁদের কর্মবিরতির কারণে নগরজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ জমা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ছবিটি গতকাল দুপুর ১২টায় নগরের কাদিরগঞ্জ এলাকা থেকে তোলা l শহীদুল ইসলাম
তিন দিন ধরে কর্মবিরতিতে আছেন রাজশাহী সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা (ইনসেটে)। তাঁদের কর্মবিরতির কারণে নগরজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ জমা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ছবিটি গতকাল দুপুর ১২টায় নগরের কাদিরগঞ্জ এলাকা থেকে তোলা l শহীদুল ইসলাম

রাজশাহী সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের টানা তিন দিনের কর্মবিরতির ফলে নগরজুড়ে সড়কে সড়কে জমেছে আবর্জনার স্তূপ। এসব আবর্জনা দূষিত করছে নগরের পরিবেশ, দুর্গন্ধে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা হয়নি।

এদিকে টানা তৃতীয় দিনের মতো নগর ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়ন। গতকালও কেউ নগর ভবনে প্রবেশ করতে পারেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় আছেন।

গতকাল সকাল থেকে নগরের শিরোইল, সাধুর মোড়, তালাইমারী, গ্রেটা রোড, কাদিরগঞ্জ, ঘোষপাড়া, আলুপট্টি, বড়কুঠি, লক্ষ্মীপুর এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় রাস্তায় আবর্জনার স্তূপ জমা হয়েছে। তিন দিন ধরে এলাকার মানুষ রাস্তার পাশের নির্ধারিত জায়গাগুলোতে ময়লা ফেলছেন। কিন্তু সেই আবর্জনা না তোলায় রাস্তার মাঝ পর্যন্ত চলে আসছে। জমা হওয়া আবর্জনা পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিচ্ছন্নতাকর্মীরা বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করতেন। কাজ বন্ধ করে দেওয়ায় অনেকটা বাধ্য হয়ে বাসিন্দারা বাড়ির আবর্জনাগুলো রাস্তায় ফেলছেন।

দুপুর ১২টার দিকে নগরের কাদিরগঞ্জ চালপট্টিতে গিয়ে দেখা যায়, মোড়ের এক পাশে আবর্জনার স্তূপ জমে আছে। সেই আবর্জনা ছড়িয়ে পড়ছে চারদিকে। পথচারীরা নাকে রুমাল চেপে মোড় পার হচ্ছেন। স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, কয়েক দিন থেকে ময়লা জমছে, কিন্তু অপসারণের কোনো ব্যবস্থা নেই। বৃষ্টির পানিতে এগুলো পচে দুর্গন্ধ বের হচ্ছে, এদিক-সেদিক ছড়িয়ে পড়ছে। পথচলা দায় হয়ে পড়েছে।

এদিকে তৃতীয় দিনের মতো গতকাল সকাল নয়টায় কর্মচারীরা এসে নগর ভবনের প্রধান ফটক, সিটি করপোরেশন পরিচালিত শহীদ এ এইচ এম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান এবং নগরের শালবাগান এলাকায় সিটি করপোরেশনের পরিবহন শাখায় তালা ঝুলিয়ে দেন। নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁদের বাধার কারণে কোনো কর্মচারী ও কর্মকর্তা নগর ভবনের ভেতরে ঢুকতে পারেননি।

রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের ব্যানারে গত সোমবার থেকে নগর ভবনে তালা ঝুলিয়ে লাগাতার কর্মবিরতি শুরু হয়। রাজশাহী সিটি করপোরেশনে তাঁদের প্রায় ২ হাজার ২০০ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী রয়েছেন। তাঁদের ৩০০ টাকা করে মজুরি দেওয়া হয়। এবারের বাজেটে ৩০ টাকা বাড়িয়ে ৩৩০ করা হয়েছে। সেই বর্ধিত অংশও এখনো দেওয়া শুরু হয়নি। কর্মচারীদের দাবি, অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী একজন অদক্ষ শ্রমিককে ৪৫০ টাকা এবং একজন দক্ষ শ্রমিককে ৫০০ টাকা মজুরি দিতে হবে। এ ছাড়া তাঁদের অন্য ১০টি দাবি রয়েছে। এই দাবিতে গত ১৮ জুন একইভাবে তাঁরা নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেছিলেন।