কর্মচারীদের আন্দোলনে দুদিন ধরে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা নগর ভবনের প্রধান ফটকসহ সব স্থাপনায় তালা ঝুলিয়ে দুদিন ধরে আন্দোলন করছেন। গতকাল সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের আন্দোলনে সিটি করপোরেশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আগের দিনের মতো গতকাল সকাল নয়টায় কর্মচারীরা এসে নগর ভবনের প্রধান ফটক, সিটি করপোরেশন পরিচালিত শহীদ এ এইচ এম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান এবং নগরের শালবাগান এলাকায় সিটি করপোরেশনের পরিবহন শাখায় তালা ঝুলিয়ে দেন। গতকাল বিক্ষোভকারীরা নগর ভবনের প্রধান ফটকের সামনে শুয়ে পড়েন। তাঁদের বাধার কারণে কোনো কর্মকর্তা-কর্মচারী নগর ভবনের ভেতরে ঢুকতে পারেননি। গতকাল পর্যন্ত মেয়র ঢাকা থেকে রাজশাহীতে ফেরেননি।

গতকালও সিটি করপোরেশন পরিচালিত শহীদ এ এইচ এম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যানে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারেননি। দূরদূরান্ত থেকে শত শত দর্শনার্থী এসে ফিরে গেছেন। তবে পূর্ব পাশের ফটক দিয়ে চিড়িয়াখানার কর্মচারীরা ভেতরে ঢুকে পশু–পাখিদের খাবার দিয়েছেন। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত আগের দিনের মতোই কর্মচারীরা বিক্ষোভ করেছেন।

নগরের শালবাগানে পরিবহন শাখায় তালা ঝুলিয়ে দেওয়ার কারণে নগরের কোনো বর্জ্য পরিবহন করা সম্ভব হয়নি। এদিকে কর্মচারীরা নগরের বিভিন্ন মহল্লা থেকে নিয়মিত যে বর্জ্য ভ্যানগাড়িতে করে নগরের বিভিন্ন জায়গায় নিয়ে জড়ো করতেন, দুদিন ধরে সেই কাজও বন্ধ রয়েছে। এতে মহল্লার ডাস্টবিনগুলো উপচে পড়ার উপক্রম হয়েছে।