নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল রোববার রাঙামাটির বাঘাইছড়িতে পিডিবির কার্যালয়ে চার কর্মীকে কক্ষে আটকে তালা দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকেরা।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সারা দিন বাঘাইছড়িতে মাত্র দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। তারপর থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ না আসায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টার দিকে দেড় শতাধিক সাধারণ গ্রাহক চৌমুহনী এলাকায় পিডিবির কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা কার্যালয়ের একটি কক্ষে মিটার রিডার মনোরঞ্জন চাকমা, লাইনম্যান বঙ্কিম প্রসাদ চাকমা, সহকারী লাইনম্যান মো. আমিনুল মোমিন ও এমএলএসএস মো. শাহাদাৎ হোসেনকে ঢুকিয়ে তালা লাগিয়ে দেন। এ সময় আবাসিক প্রকৌশলী কার্যালয়ে ছিলেন না। বেলা ১১টার দিকে বিজিবির সদস্যরা কার্যালয়ের কর্মীদের উদ্ধার করেন।
গ্রাহকদের অভিযোগ, ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে দুই মাস ধরে ভুগছেন বাঘাইছড়িবাসী। উপজেলা সদরের বাসিন্দা মো. হাসান ও মো. নাজিম উদ্দিন বলেন, মাসে ১০ দিনও ভালোভাবে বিদ্যুৎ থাকে না।
পিডিবির বাঘাইছড়ি কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. আহসান উল্লাহ বলেন, ‘শনিবার সারা দিন দীঘিনালা-বাঘাইছড়ি সঞ্চালন লাইন ঠিক ছিল। রাতে হঠাৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়। এ কারণে রাতে বিদ্যুৎ ছিল না। ওই সঞ্চালন লাইন ঠিক করা হয়েছে।’