কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত, উপাচার্যের পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কর্মচারীরা পদোন্নতি, কল্যাণ তহবিল ব্যবস্থাপনা, গৃহঋণ প্রদানসহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবারও কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এদিকে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদকের পক্ষ।ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন। এতে বাউবির শিক্ষক সমিতির সভাপতি কে এম রেজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জোবায়দা বেগম, কর্মকর্তা সমিতির সহসভাপতি মো. শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।শিক্ষকনেতারা বলেন, বাউবিতে কোনো দিনই পেশাগত অধিকারকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। কোনো কারণ ছাড়াই সম্প্রতি এক ডিনকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এসব পুঞ্জীভূত ক্ষোভ একত্র হয়ে বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে।এদিকে বেলা ১১টার দিকে উপাচার্য আর আই এম আমিনুর রশীদের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন কর্মচারীদের কয়েকজন নেতা। বৈঠকে উপাচার্য তাঁদের দাবি পূরণে ৬ জানুয়ারি পর্যন্ত সময় চান। তিনি কর্মচারীদের নিয়মতান্ত্রিকভাবে পদোন্নতি প্রদানের আশ্বাস দেন। ওই সিদ্ধান্ত কর্মচারী সমিতির সভাপতি তারিকুল ইসলাম ও তাঁর পক্ষ মেনে নিলেও সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া ও তাঁর পক্ষ উপাচার্যের আশ্বাস প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর সত্যতা নিশ্চিত করেছেন কর্মচারী সমিতির সভাপতি তারিকুল ইসলাম।মো. শহীদুল ইসলাম বলেন, বিকেলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারা যৌথ সভা করে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন।