বহিরাগতদের হামলার প্রতিবাদে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স-ব্রাদারসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে এ কর্মবিরতি পালিত হয়। এ সময় কর্মচারীরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। এতে হাসপাতালে সেবা গ্রহণ করতে আসা রোগীরা ভোগান্তির মধ্যে পড়ে। আন্দোলনরত কর্মচারীরা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে স্থানীয় কতিপয় বহিরাগত সন্ত্রাসী হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে কর্মচারীদের কাজে বিঘ্ন ঘটানোসহ নানা ঝামেলা সৃষ্টি করে। এসবের প্রতিবাদ করায় ১৫ মার্চ একদল বহিরাগত সন্ত্রাসী এসে কোনো কারণ ছাড়াই হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মো. সিরাজকে মারধর করে। তিনি এখন পর্যন্ত হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার পরও সন্ত্রাসীদের পুলিশ গ্রেপ্তার না করায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। হাসপাতালের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. রুহুল আমিন জানান, গতকাল তাঁরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। জানতে চাইলে কর্মচারীদের কর্মবিরতি পালনের তথ্য নিশ্চিত করেন তত্ত্বাবধায়ক এ এইচ এম মোসলেহ উদ্দিন।