কর্মচারীদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। কর্মচারীদের বাধায় ওই সময় বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান বন্ধ ছিল। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা দুর্ভোগে পড়েন।
সেবা নিতে আসা উপজেলার শোলকাটার মো. ফারুক জানান, অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে আসার পর তিনি জানতে পারেন কর্মবিরতি চলছে। পরে ক্লিনিকে যান তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সাধারণত দিনে দেড় থেকে দুই শ রোগী বহির্বিভাগে চিকিৎসা নেয়। কিন্তু গতকাল তিন ঘণ্টার কর্মবিরতির কারণে শতাধিক রোগী ফেরত গেছে। তবে, দুপুর ১২টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ৬২ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা জামাল জানান, কর্মচারীরা আকস্মিক কর্মবিরতি পালন করায় কিছুক্ষণ রোগী দেখতে পারেননি চিকিৎসকেরা।
কর্মচারীদের অভিযোগ, গত রোববার সকালে আনোয়ারার ইউএনও স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নতা কর্মীকে লাঞ্ছিত করেছেন। এ ঘটনার প্রতিবাদে তাঁরা কর্মবিরতি পালন করেছেন।
ইউএনও সাইফুল ইসলাম জানান, তিনি গত রোববার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় কর্মীদের কাজে আন্তরিক হওয়ার কথা বলেন। কাউকে লাঞ্ছিত করেননি তিনি।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা বিধূভূষণ ভৌমিক বলেন, ‘রোববারের তুচ্ছ ঘটনায় কর্মচারীরা গতকাল ঘণ্টা খানেক কর্মবিরতি করেছেন। এতে রোগীদের খুব একটা সমস্যা হয়নি।