কর্মচারীদের কর্মবিরতিতে প্রশাসনে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় শ্রেণির কর্মচারীদের অব্যাহত কর্মবিরতির কারণে পাবনা জেলা প্রশাসন কার্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষকে।
পদবির পরিবর্তন ও বেতনবৈষম্য কমানোর দাবিতে কর্মচারীরা প্রায় দুই মাস ধরে এ কর্মসূচি পালন করছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, তৃতীয় শ্রেণির কর্মচারীরা সবাই কক্ষ ছেড়ে কার্যালয়ের সামনে সমবেত হয়েছেন। কেউ কেউ দাবি আদায়ের জন্য নানা কথা বলছেন। মাঝেমধ্যে স্লোগান দেওয়া হচ্ছে। বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ নীরব দর্শকের মতো তা দেখছেন।
কর্মচারীদের কয়েকজন জানান, পদবির পরিবর্তন ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাদের সমান বেতনের দাবিতে গত ১৭ মে তাঁরা আন্দোলন শুরু করেছেন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বানে দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে। প্রথম পর্যায়ে দিনে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। এতে তাঁদের দাবি পূরণ হয়নি। তাই এখন পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।
জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মচারীদের কর্মবিরতির কারণে এ কার্যালয়ের ২১টি শাখার প্রায় সবগুলোতেই কাজকর্ম বন্ধ রয়েছে। কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন দূর থেকে আসা মানুষেরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কাজ সারতে হচ্ছে তাঁদের।
কালেক্টরেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত ভূমি অধিগ্রহণ শাখার বাইরে অপেক্ষমাণ সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের আবদুল কদ্দুস জানান, পাবনা-ঢালারচর রেলপথের জন্য তাঁর কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত কাজের জন্য তিনি সকাল ১০টায় এখানে এসেছেন। কিন্তু দুপুর পর্যন্ত কোনো কাজ হয়নি।
বিভিন্ন কাজে আসা ব্যক্তিদের ভোগান্তির শিকার হওয়ার কথা স্বীকার করে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পাবনা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কর্মচারী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দাবি না মানলে তাঁরা কোনো কাজ করবেন না। তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গে পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেন, ‘কোনো দাবিতে কর্মচারীরা আন্দোলন করতেই পারেন। এতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমরা কাজ বন্ধ রাখছি না। কষ্ট করে হলেও সেবা নিশ্চিত করা হচ্ছে। অপরদিকে আন্দোলনের বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন যা করার মন্ত্রণালয়ই করতে পারে।’