কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি
চাকরি নিয়মিতকরণের দাবিতে নীলফামারী বিদ্যুৎ বিভাগের (পিডিবি) অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া কর্মরত-কর্মচারীরা গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন। এ সময় নীলফামারী, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার ২২ জন কর্মচারী উপস্থিত ছিলেন।
রাত আটটার দিকে আবাসিক বিদ্যুৎ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পিসরেট কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ফারুক হাসান জানান, তাঁরা ১৯৯৯ সাল থেকে বিদ্যুৎ বিভাগে অস্থায়ী ভিত্তিতে পিসরেট কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পিসরেট কর্মচারীরা প্রতিটি মিটারের রিডিং সংগ্রহ করতে এক টাকা ৭০ পয়সা এবং গ্রাহকের কাছে প্রতিটি বিল পৌঁছে দেওয়ার জন্য এক টাকা ১০ পয়সা করে পারিশ্রমিক পান। সেই হিসাবে একজন পিসরেট কর্মচারী প্রতি মাসে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন।
পিডিবির ডোমার কার্যালয়ে কর্মরত পিসরেট কর্মচারী জাভেদ হোসেন বলেন, ‘আমি প্রায় ১২ বছর ধরে কাজ করছি। অনেকে ২০ বছর ধরে আছেন। আমরা সারা মাস কাজ করার পর পারিশ্রমিক পাই সর্বোচ্চ তিন হাজার টাকা। কোনো কোনো মাসে কমও হয়। বর্তমানে এই টাকায় সংসার চালানো যায় না। আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি।’
আরেক কর্মচারী জাকির হোসেন বলেন, ‘আমাদের কষ্টের কথা কেউ শুনতে চান না। বর্তমান সরকারের কাছে আমরা চাকরি নিয়মিত করার দাবি জানাচ্ছি।’