কর্মচারীদের দিয়ে ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণ!
বরগুনার আমতলী উপজেলায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পের তৃতীয় ধাপে প্রশিক্ষণার্থী নিয়োগ ও প্রশিক্ষণ পরিচালনায় স্থানীয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে।উপজেলা যুব উন্নয়ন কার্যালয় জানায়, ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় উপজেলায় তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত ৯৭০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শুরু হয় ৫ ফেব্রুয়ারি। তিন মাসের এই প্রশিক্ষণে ৪০ জন তালিকাভুক্ত প্রশিক্ষক আছেন। কিন্তু তাঁদের না ডেকে যুব উন্নয়ন কর্মকর্তা জালাল আহম্মেদ নিজে এবং তাঁর কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের দিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। এভাবে প্রশিক্ষণের বিনিময়ে সম্মানীর টাকা তিনি হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, জালাল আহম্মেদ গত ফেব্রুয়ারি মাসে আমতলী যোগ দেন। এর পরপরই তিনি ন্যাশনাল সার্ভিস প্রকল্পে কর্মী নিয়োগে অনিয়ম শুরু করেন। পরে প্রশিক্ষণের কার্যক্রম নিয়েও অনিয়মের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রশিক্ষণার্থী অভিযোগ করেন বলেন, জালাল আহম্মেদ নিজে এবং তাঁর কার্যালয়ের তৃতীয় শ্রেণীর চার কর্মচারীকে দিয়ে প্রশিক্ষণ দেওয়াচ্ছেন।আমতলী ডিগ্রি কলেজের কম্পিউটার বিভাগের শিক্ষক নজরুল ইসলাম তালুকদার জানান, তাঁকে মাত্র ১০টি ক্লাসে ডাকা হয়েছিল। এরপর কারা এসব প্রশিক্ষণ দিচ্ছেন, তা জানেন না। আমতলীর অপর একটি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রাণেশ মণ্ডল বলেন, তাঁকেও দুটি বিষয়ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য ডাকার পর আর কোনো ক্লাস দেওয়া হয়নি।প্রশিক্ষণার্থীরা আরও অভিযোগ করেন, যুব উন্নয়ন কর্মকর্তা নিয়মবহির্ভূতভাবে মৌলিক ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সর্বাধিকসংখ্যক ক্লাস নিয়ে এরই মধ্যে সম্মানীর এক লাখ ২৬ হাজার টাকা নিয়েছেন।এ ছাড়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে একই পরিবারের একাধিক সদস্যকে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে চাকরি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। অথচ সরকারি নীতিমালা অনুসারে এক পরিবারে একজন চাকরি পাওয়ার বিধান রয়েছে। কিন্তু এখানে এক পরিবারে দুজন করে চাকরি পেয়েছেন।অনুসন্ধানে জানা গেছে, প্রথম ধাপে নিজাম উদ্দিন আকন (রোল ৩৬০) চাকরি পাওয়ার পর তাঁর স্ত্রী মোসাম্মাৎ মোর্শেদা (রোল ৩৫৯) তৃতীয় ধাপে প্রশিক্ষণ নিচ্ছেন। নাজনীন নাহার (রোল ১৭৮) দ্বিতীয় ধাপে চাকরি পেয়েছেন। তাঁর স্বামী হারুন আর রশিদ (রোল ১৮০) তৃতীয় ধাপে নিয়োগ পেয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জালাল আহম্মেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও একজন মাস্টার ট্রেইনার হিসেবে আমি সর্বাধিক ক্লাস নিতে পারি।’ তিনি বলেন, ‘প্রশিক্ষকের তালিকায় যাঁরা মেধাবী, তাঁদেরকে প্রশিক্ষণে ডেকেছি। সবাইকে সমানভাবে তো ডাকা সম্ভব না।’ উৎকোচ নেওয়া ও নিয়োগে অনিয়ম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’জানা গেছে, আমতলী উপজেলার আমতলী ও তালতলী—এ দুটি ভেন্যুতে তৃতীয় ধাপে ৯৭০ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। তৃতীয় ধাপের প্রশিক্ষণার্থীদের মোট চারটি দলে দেড় মাসের মৌলিক ও দেড় মাসের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে প্রশিক্ষণার্থীদের ৪৬৩টি ক্লাস নেওয়া হবে। প্রতি ক্লাসে প্রত্যেক প্রশিক্ষক ৫০০ টাকা করে সম্মানী ভাতা পান। এর আগে দুটি ধাপে সম্মানী ভাতা হিসেবে ছয় লাখ ২৬ হাজার টাকা ব্যয় হয়।জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোস্তাক আহম্মেদ বলেন, ‘বিষয়টি আমি নিজে গিয়ে তদন্ত করব এবং প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’