পোষ্য কোটায় ভর্তিতে মানবিক দিক বিবেচনা ও বিশ্ববিদ্যালয়ে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের সন্তানদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার দাবিতে ধর্মঘট পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। দাবি আদায়ে গতকাল রোববার সকালে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন তাঁরা। পরে উপাচার্য মো. আনোয়ার হোসেন তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে দাবি বিবেচনা করার আশ্বাস দেন। দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মঘট কর্মসূচি স্থগিত করেন কর্মচারীরা। তবে দাবি আদায় না হলে আগামী ৫ থেকে ৭ মার্চ টানা তিন দিন ধর্মঘট পালনের ঘোষণা দেন।বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সকালে আয়োজিত সমাবেশে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতারা বলেন, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে পোষ্য কোটায় ভর্তির জন্য পরীক্ষায় সর্বনিম্ন ২১ নম্বর পেতে হয়। এ বছর কর্মচারীদের সাত-আটজন সন্তান ভর্তি পরীক্ষায় ২০ ও ২১-এর মাঝামাঝি নম্বর পেয়েছেন। তাঁদের মানবিক দিক বিবেচনা করে ভর্তির সুযোগ দেওয়া হোক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের সন্তানদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার দাবি জানান তাঁরা।তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্বাস আলী তালুকদার বলেন, ‘শিক্ষকের ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করে যদি কাউকে পোষ্য কোটায় ভর্তির সুযোগ দেওয়া হয়, তবে মানবিক দিক বিবেচনা করে সামান্য কিছু নম্বরের জন্য কেন কর্মচারীর সন্তানদের ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করা হবে।’