কর্মচারীদের হামলায় নার্সিং কলেজের ৪০ শিক্ষার্থী আহত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের লাঠিসোঁটার আঘাতে গতকাল সোমবার নার্সিং কলেজের ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন।নার্সিং কলেজের শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে বরাদ্দ করা কক্ষ ফেরত দেওয়ার দাবিতে গতকাল হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে গেলে কর্মচারীরা ওই হামলা চালান। পুলিশ, আহত শিক্ষার্থী ও হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে অবস্থিত ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে মেয়েদের, ১২ নম্বর ওয়ার্ডে ছেলেদের ও ১১ নম্বর ওয়ার্ডে স্টাফ নার্সদের জন্য তিনটি কক্ষ বরাদ্দ ছিল। ওই কক্ষগুলো চিকিৎসকেরা ব্যবহার করবেন জানিয়ে গত শনিবার হাসপাতালের পরিচালক তালা লাগিয়ে দেন। রোববার রাতে নার্সিং কলেজের দুই শিক্ষার্থী অসুস্থ হলে তাঁদের হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল সকালে সহপাঠীরা অসুস্থদের দেখতে হাসপাতালে এসে বিষয়টি জানতে পারেন। কক্ষগুলো ফেরত পাওয়ার দাবিতে শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা পরিচালকের সঙ্গে দেখা করতে চাইলে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। হঠাৎ করে কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে আহত হন ৪০ ছাত্রছাত্রী। এর মধ্যে সৈয়দা মারুফা ইয়াসমীন, রুনা আক্তার, মোর্শেদা সিমু ও আফরোজা খানমের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে কর্মচারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর শিক্ষার্থী ও হাসপাতালে কর্মরত সেবিকারা দোষী ব্যক্তিদের বিচার ও পরিচালকের অপসারণের দাবিতে পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করতে থাকেন। দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ শাখার নেতারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করেন।ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালে গিয়ে ১১ নম্বর ওয়ার্ডে দেখা যায়, হাত, মাথা ও পায়ে ব্যান্ডেজ বাধা রক্তাক্ত ২০-২৫ জন ছাত্রীকে স্যালাইন দিতে হিমশিম খাচ্ছেন স্বল্পসংখ্যক চিকিৎসক। শয্যার অভাবে একই শয্যায় ছিল একাধিক শিক্ষার্থী। তাঁদের পাশে কাঁদছিলেন সহপাঠীরা। আহত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের জন্য বরাদ্দ দেওয়া কক্ষগুলো ফেরত দিতে শান্তিপূর্ণভাবে পরিচালকের সঙ্গে দেখা করতে চাইলে কর্মচারীরা বাধা দেন। হইচই শুনে পরিচালক স্যার দরজায় এসে কাউকে ভেতরে প্রবেশ না করতে দিতে বললে কর্মচারীরা আমাদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বাগিবতণ্ডা শুরু হলে কিছু বুঝে ওঠার আগেই কর্মচারীরা আমাদের ওপর চেয়ার-টেবিল, ফুলের টব ছুড়ে মারা শুরু করেন। পরে তাঁরা আমাদের ক্রিকেট ব্যাট, ভাঙা কাঠ দিয়ে একতরফাভাবে পিটিয়ে আহত করেছেন।’ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কর্মচারী মেহেরুল হক প্রথম আলোকে বলেন, ‘পরিচালকের কক্ষে শিক্ষার্থীরা জোর করে প্রবেশ করতে চাইলে আমরা তাঁদের মানা করি। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁরা আমাদের ধাক্কা দিলে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে আমিসহ আরও কয়েকজন কর্মচারী আহত হয়েছেন।’ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহজাহান বলেন, চিকিৎসকদের জন্য ওয়ার্ডে পর্যাপ্ত কক্ষ না থাকলেও সেবিকারা প্রতি ওয়ার্ডে বেশ কয়েকটি করে কক্ষ দখল করে রেখেছেন। কয়েকটি কক্ষ নার্স নেতাদের সঙ্গে আলোচনা করে তালা দিয়েছিলাম। আজ (গতকাল) হঠাৎ নেতারা না এসে শিক্ষার্থীরা এসে জোর করে আমার কক্ষে প্রবেশ করতে চাইলে এ ঘটনা ঘটেছে।’কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, হাসপাতালে পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে একটি টহল দল কাজ করছে। রাতে বৈঠক, সংগ্রাম পরিষদ গঠন: শিক্ষার্থীদের ওপর হামলার গতকাল রাত নয়টার দিকে হাসপাতালের পরিচালকের কক্ষে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বিএমএ নেতা, হাসপাতালের সেবিকা ও কর্মচারী নেতারা। বৈঠকে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি অংশ নেননি। তাঁরা রাতে আলাদা বৈঠক করে চার দফা দাবি আদায়ে সংগ্রাম পরিষদ গঠন করেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁরা হাসপাতালে মৌন মিছিল ও সামনে মানববন্ধন করবেন।