কর্মচারীর অস্ত্রোপচারে গৃহবধূর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে একটি বেসরকারি হাসপাতালে গলায় অস্ত্রোপচার করার পর মনোয়ারা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ হাসপাতালের কর্মচারীকে দিয়ে অস্ত্রোপচার করানোয় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, টান সূত্রাপুর এলাকার সৌদি আরবপ্রবাসী শাহজাহান মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমের গলায় টিউমার হয়৷ এ জন্য এক সপ্তাহ আগে তিনি কালিয়াকৈর বাজারের প্রাইম হাসপাতালে চিকিৎসা নেন। পরে ওই হাসপাতালের কর্মচারী রাজু আহাম্মেদ মনোয়ারাকে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করার পরামর্শ দেন। গত বৃহস্পতিবার ১২ হাজার টাকা দিয়ে মনোয়ারা হাসপাতালে ভর্তি হন। পরদিন শুক্রবার বিকেলে রাজু আহাম্মেদ দুজন সেবিকার সহায়তায় মনোয়ারার গলায় অস্ত্রোপচার করেন৷ এরপর তাঁর আর জ্ঞান ফেরেনি। ওই দিন রাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। এ খবর জানার পর মৃত মনোয়ারার স্বজনেরা হাসপাতালে ছুটে যান। কিন্তু হাসপাতালের মালিক এলাকার প্রভাবশালী মাহফুজুর রহমান ভয়ভীতি দেখিয়ে বিষয়টি মীমাংসা করতে বলেন। পরে সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমানের উপস্থিতিতে স্বজনদের ৬০ হাজার টাকা দিয়ে ঘটনাটি মীমাংসা করা হয়৷
সোলাইমান বলেন, বিষয়টি উভয় পক্ষের মধ্যে মীমাংসা করা হয়েছে।
এ ব্যাপারে জানতে মাহফুজুর রহমানের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি। রোগী পরিচয়ে রাজু আহাম্মেদের মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, ‘এর আগে তো অনেক অপারেশন করছি, সেগুলি তো মরে নাই। এবার অপারেশন করতে গিয়ে ভুল হয়ে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। পরে ৬০ হাজার টাকা দিয়ে মীমাংসা করা হয়েছে।’ পরে প্রথম আলোর সাংবাদিক পরিচয় দিলে তিনি বলেন, ‘ভাই, আমি অপারেশন করি নাই, অপারেশন করছে ডিউটি ডাক্তার।’
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কুমুর উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।