কর্মচারীর কাছে পাওনা ৪১ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা রয়েছে ৪১ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জলাশয়ের ইজারামূল্য এবং জরিমানা বাবদ তাঁর কাছে এই টাকা পায় বিশ্ববিদ্যালয়।
ওই টাকা পরিশোধ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে গত সাড়ে তিন বছরে ১১ বার এবং চুক্তি সম্পন্ন করার জন্য চারবার তাগিদপত্র দিলেও তিনি এর তোয়াক্কা করেননি।
গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে গণভবনে ইফতারে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ওই কর্মচারী।
আওয়ামীপন্থী কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের অফিস সহকারী ও কর্মচারী সমিতির সভাপতি মো. আব্বাস আলী তালুকদারের কাছে বিশ্ববিদ্যালয়ের ৪১ লাখ টাকা পাওনা থাকার বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, ‘আব্বাস আলী বিশ্ববিদ্যালয়ে সম্পদ ব্যবহার করে ব্যবসা করেছেন। কিন্তু বারবার তাগিদ দেওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা তিনি পরিশোধ করেননি। তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এমন একজন কর্মচারীকে গণভবনে ইফতারে নিয়ে যাওয়ার বিষয়টি খুবই দৃষ্টিকটু এবং প্রশাসনের একটি ভুল সিদ্ধান্ত।’
প্রশাসন সূত্রে জানা গেছে, আব্বাস আলী তালুকদার ২০১০ সালের অক্টোবর ও ডিসেম্বরে চারটি জলাশয় তিন বছরের জন্য ইজারা নেন। শর্ত অনুযায়ী প্রতিটি জলাশয়ের মোট ইজারামূল্য অর্ধেক করে দুই কিস্তিতে পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কার্যাদেশপত্র পাওয়ার ১০ দিনের মধ্যে প্রথম কিস্তিতে অর্ধেক ইজারামূল্য পরিশোধ করতে হবে এবং বাকি অর্ধেক দ্বিতীয় কিস্তির মাধ্যমে পরের বছর জানুয়ারিতে পরিশোধ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ইজারামূল্য পরিশোধ না করলেও পরের বছরের এপ্রিলে তিনি আরও একটি জলাশয় চার বছরের জন্য ইজারা পান। এরপর বকেয়া টাকা পরিশোধের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাঁকে মোট ১৫ বার চিঠি দেয়। এর পরও তিনি বকেয়া পরিশোধ করেননি। এমনকি চারটি জলাশয়ের ইজারার মেয়াদ গত বছর শেষ হয়ে গেলেও বকেয়া পরিশোধ করে জলাশয়গুলো তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দেননি।
এ পরিস্থিতিতে আব্বাস আলীকে ইজারা দেওয়া পাঁচটি জলাশয়ের বকেয়া টাকার হিসাব গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপন করা হয়। এরপর ২২ মার্চ সিন্ডিকেট সভায় এ বিষয়টি তদন্ত করার জন্য সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
আব্বাস আলী তালুকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয় ৩০-৪০ বছর ধরে লেক (জলাশয়) ইজারা দিচ্ছে। কারও কাছ থেকে কখনো জরিমানা নেয়নি। তাহলে আমার কাছ থেকে কেন নেবে? ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে এসব করা হচ্ছে।’
চারটি জলাশয়ের ইজারার অর্থ নির্দিষ্ট সময়ে পরিশোধ না করার পরও কেন আব্বাস আলীকে পরের বছর আরও একটি জলাশয় ইজারা দেওয়া হলো, জানতে চাইলে এস্টেট কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, ওই সময় (২০১০ সাল) আব্বাস আলী টাকা পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়ে তৎকালীন উপাচার্যের কাছে আবেদন করেন। উপাচার্য তা অনুমোদন করায় পরের বছর তাঁকে আরও একটি জলাশয় ইজারা দেওয়া হয়।
তদন্ত কমিটির প্রধান মো. আমির হোসেন বলেন, গত ২৬ জুন তদন্ত কমিটি আব্বাস আলীর সাক্ষাৎকার নিয়েছে। তদন্তকাজ প্রায় শেষ। দ্রুত এ বিষয়ে প্রতিবেদন সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।