কর্মচারীর নামে ব্যাংক হিসাব খুলে কোটি টাকা লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নবাব অটো রাইস অ্যান্ড ফিড প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী আকবর হোসেনের বিরুদ্ধে ব্যাংক হিসাব পরিচালনা ও চেক জালিয়াতির মাধ্যমে তাঁর এক কর্মচারীকে ফাঁসানোর ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন মনিরুল ইসলাম। একই অভিযোগে তিনি ১১ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেছেন। মামলায় আকবর আলী ও ইসলামী ব্যাংক লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জ শাখাকে আসামি করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, মনিরুল ইসলাম ১৯৯৫ সাল থেকে নবাব অটো রাইস মিলের সুপার ভাইজার পদে চাকরি করতেন। সেই সুবাদে মিলের মালিক আকবর হোসেন রাসায়নিক সারের ব্যবসা করার জন্য তার (মেসার্স মনির এন্টারপ্রাইজ) নামে ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখায় একটি হিসাব খোলেন। স্বাক্ষর জাল করে তার অজ্ঞাতে ওই হিসাবে কোটি কোটি টাকার লেনদেন করেন। এমনকি ওই হিসাব থেকে বিভিন্ন সময়ে বিনিয়োগ ঋণও গ্রহণ করেছেন। পরে তাঁকে ফাঁসানোর জন্য জাল স্বাক্ষরে দেওয়া প্রায় তিন কোটি টাকার ছয়টি চেক প্রত্যাখ্যান (ডিজঅনার) করান। এর মধ্যে ৪৮ লাখ ১৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়েছে আকবর হোসেনের নামেই। আইনজীবীর মাধ্যমে আকবর হোসেনের পাঠানো লিগ্যাল নোটিশ থেকে তিনি বিষয়টি জানতে পারেন। পরে নওগাঁর ব্যবসায়ী আবদুর রহমান একই হিসাবের বিপরীতে ৩৮ লাখ টাকার চেক প্রত্যাখ্যানের জন্য তাঁর কাছে আরেকটি লিগ্যাল নোটিশ পাঠান। পরপর এ রকম ছয়টি চেক প্রত্যাখ্যান হয়ে গেলেও ব্যাংক থেকে তাঁকে কিছুই জানানো হয়নি। আকবর হোসেন ব্যাংক থেকে প্রায় ১০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করছেন। এ জন্য ব্যাংকের ব্যবস্থাপক আকবর হোসেনকে সহায়তা করে থাকেন। এই নিয়ে ব্যবস্থাপক আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি করে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন। মনিরুল ইসলাম বলেন, ‘ব্যবস্থাপককে হাত করে আকবর হোসেন আমার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে আইবিবি ০৪৫৪৬৮৩১-০৪৫৪৬৮৪০ নম্বর চেকের বইটি উত্তোলন করেন। ওই বইয়ের ছয়টি চেকই প্রত্যাখ্যান করান। মতবিরোধের কারণে দুই মাস আগে চাকরি ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়েই আকবর হোসেন আমাকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার জন্য এটা করেছেন। এর আগেও তিনি চাকরি ছেড়ে দেওয়ার কারণে কাবের আলী নামে অন্য এক কর্মচারীকে ২২ লাখ টাকার চুরির মামলা দিয়ে হয়রানি করেন। ওই মামলার বাদী করা হয় আমাকে। বিষয়টি আমি আদালতকেও জানিয়েছি।’ সংবাদ সম্মেলনে কাবের আলীও উপস্থিত ছিলেন। আকবর হোসেন বলেন, ‘মনিরুল ইসলাম আমার কর্মচারীই নয়। তার সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন আছে। সে আমার কাছ থেকে চাল নিয়ে চেক দিয়েছে। সেই চেকের টাকা ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করতে গেলে চেক প্রত্যাখ্যান হয়। এরপর তাঁর কাছে লিগ্যাল নোটিশ পাঠাই। চালের টাকা পরিশোধ না করার হীন উদ্দেশ্য থেকেই মনিরুল আমার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ উত্থাপন করছে। এ ছাড়া আমার বিরুদ্ধে দায়ের করা মামলারও যথাযথ জবাব দিয়েছি আদালতে।’ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম বলেন, ‘মনিরুল ইসলাম তাঁর স্বাক্ষরেই চেক দিয়েছেন। তাঁর স্বাক্ষর জাল করে আকবর হোসেনের লেনদেনের অভিযোগও সত্য নয়। কারণ চেকের স্বাক্ষর পরীক্ষা করেই টাকা দেওয়া হয়। উল্লিখিত ছয়টি চেকের স্বাক্ষর মিলে যাওয়ায় এবং হিসাবে টাকা জমা না থাকায় তা প্রত্যাখ্যান করা হয়। বিষয়টি আমি নিজে না জানালেও ব্যাংকের একজন কর্মকর্তা মনিরুলকে জানিয়েছেন। এ ছাড়া স্বাক্ষর জালের ব্যাপারে মনিরুল এই শাখায় কোনো অভিযোগ করেননি।’