কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ
নরসিংদীর বেলাব উপজেলায় শওকত আলী নামের এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে জমি দখল, প্রতারণা করে ভুয়া দলিলে জমি নিবন্ধন ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। শওকত উপজেলার হানিয়াবাইদ এলাকার আবদুল হাসিমের ছেলে ও সেনাবাহিনীর চতুর্থ শ্রেণীর কর্মচারী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, শওকত সেনাবাহিনীর ১৬ ইসিবির (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) মেস ওয়েটার। তিনি গত বছরের ১৫ আগস্ট ছুটিতে এসে তাঁর আপন চাচাতো ভাই ছোলাইমান হোসেনের বসতভিটার জমি দখল করে সেখানে কয়েকটি গাছ লাগান। এতে বাধা দিলে ছোলাইমানকে গালাগাল ও প্রকাশ্যে হত্যার হুমকি দেন শওকত। এ ঘটনায় ছোলাইমান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও আদালতে একটি মামলা করেন। পরে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত শওকতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শওকতকে এক দিন কারাবাস করতে হয়।
এলাকাবাসীর ভাষ্যমতে, চলতি বছরের ১৫ জানুয়ারি শওকত এলাকার লোকজনকে জানান, ২০১৩ সালের ৩০ অক্টোবর তিনি চার লাখ ৫২ হাজার টাকায় ফুফু মিরজান বিবির কাছ থেকে তাঁর (মিরজান) ওয়ারিশের ১৫ শতক জমি কেনেন। ওই জমিতে বর্তমানে ছোলাইমান বসবাস করছেন। কাজেই ছোলাইমানের বসতভিটার ১৫ শতক জমি এখন তাঁর। তবে এ ঘটনায় দলিল বাতিলের জন্য শওকতের ফুফাতো বোন রেহেনা বেগম মামাতো ভাই হোসেন আলী ও শওকতকে আসামি করে আদালতে একটি প্রতারণার মামলা করেন।
ছোলাইমান বলেন, ‘শওকত, তাঁর ভাইরা আমাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য উঠেপড়ে লেগেছেন। শওকত প্রকাশ্যে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।’ ছোলাইমানের আরেক বোন হাছেনা বলেন, ‘মায়ের অসুখ। হাসপাতালে ভর্তির কথা কইয়া শওকত মায়ের আর আমার টিপসই নিছে। কয়দিন পরে হেয় কয় আমাগোর মায়ের ওয়ারিশের জমি নাকি হের।’ শওকত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে সমাজে হেয় করতে এসব অভিযোগ করা হচ্ছে।’