কর্মচারীর বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত ও শিক্ষার্থী নির্যাতনের প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের সবচেয়ে অনগ্রসর আদিবাসী ম্রোদের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান সুয়ালক ম্রো আবাসিক বিদ্যালয়ের উচ্চমান সহকারীর বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করা ও শিক্ষার্থীদের নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির অনুসন্ধানে ওই প্রমাণ মেলে।বিদ্যালয়টির প্রধান শিক্ষক মহীন উদ্দিনের ভাষ্য অনুযায়ী, ৯ এপ্রিল শিক্ষার্থীরা তাঁর কাছে উচ্চমান সহকারী শহীদুল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। ওই কর্মচারী দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছেন বলে এতে উল্লেখ করা হয়। তিনি বিভিন্ন অজুহাতে ছাত্রীদের বাসায় ডেকে নিয়ে গৃহস্থালির কাজকর্ম করতে বাধ্য এবং শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে বেদম মারধর করেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষিকা জানান, সম্প্রতি শহীদুল্লাহর অশালীন আচরণের শিকার এক ছাত্রী লজ্জা ও ভয়ে ছাত্রীনিবাস ত্যাগ করে আত্মীয়ের বাসায় আশ্রয় নেয়।তদন্ত কমিটির প্রধান ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় মিত্র জানান, শহীদুল্লাহর বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করা ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে।তবে শহীদুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কয়েকজন শিক্ষক-শিক্ষিকার ষড়যন্ত্রের শিকার। অনিচ্ছাকৃতভাবে এক ছাত্রীর শরীরে স্পর্শ লাগাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ আনা হয়েছে। শিক্ষার্থীদের নির্যাতন করার বিষয়ে তিনি বলেন, কাউকে মৃদু শাসন করলে দোষের কিছু নেই। বিদ্যালয়টির পরিচালনাকারী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) পরিচালক জাকির হোসেন গতকাল মঙ্গলবার বলেন, প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়ায় অভিযুক্তকে বদলি করা হচ্ছে। পরে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।