কর্মচারীর ভুলে পাঁচ ছাত্রের ফলাফলে গরমিল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই কর্মচারীর ভুলে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় পাঁচ শিক্ষার্থীর ফলাফলে গরমিল দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পিএসসির বৃত্তির ফলাফলের সময় এ বিষয়টি ধরা পড়ে।
ভুক্তভোগী ওই ছাত্রদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম, উদয় মৃধা, এস এম মারুফ, সিয়াম আহমেদ ও রিফাত হোসেনের ফলাফলে এ গরমিল দেখা দিয়েছে। প্রবেশপত্রে সিয়ামের রোল নম্বর ছিল ১১৯০০, রিফাতের ১১৯০১, মাজহারুলের ১১৯০২, উদয়ের ১১৯০৩, মারুফের রোল নম্বর ১১৯০৪। কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ডিআর তালিকায় সিয়ামের রোল নম্বর উল্লেখ করা ছিল ১১৯০০-এর স্থলে ১১৯০১, রিফাতের ১১৯০১-এর স্থলে ১১৯০২, মাজহারুলের ১১৯০২-এর স্থলে ১১৯০৩, উদয়ের ১১৯০৩-এর স্থলে ১১৯০৪, মারুফের ১১৯০৪-এর স্থলে ১১৯০০।
বিদ্যালয় ও শিক্ষার্থীদের অভিভাবক সূত্রে জানা গেছে, গত বছর ২৩ নভেম্বর পিএসসি পরীক্ষা শুরু হয়। মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা সদরের নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়। ডিআর তালিকার সঙ্গে প্রবেশপত্রের রোল নম্বর না মেলায় নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের কেরানি সাইয়েদুর রহমান ছাত্রদের প্রবেশপত্রের রোল নম্বর কেটে তার ওপর ডিআর তালিকা অনুযায়ী রোল লেখেন। এই পাঁচ ছাত্র নতুন রোল অনুয়ায়ী পরের পরীক্ষাগুলো দেয়। কিন্তু গত ১৫ মার্চ বৃত্তির ফলাফল প্রকাশিত হয় প্রবেশপত্রের রোল নম্বর অনুযায়ী। এতে মাজহারুলের ট্যালেন্টপুলের বৃত্তির ফলাফল এসেছে উদয়ের নামে, মারুফের সাধারণ গ্রেডের বৃত্তির ফল সিয়ামের নামে, সিয়ামের সাধারণ গ্রেডের বৃত্তির ফল এসেছে রিফাতের নামে। প্রবেশপত্রের রোল অনুযায়ী উদয় মৃধা বৃত্তি পায়নি।
মাজহারুলের বোন লাকি আক্তার জানান, ট্যালেন্টপুলের বৃত্তির তালিকায় ১১৯০৩ রোলের বিপরীতে মাজহারুলের জায়গায় উদয়ের নাম দেখার পর বিষয়টি প্রথম চোখে পড়ে। পরে ১৮ মার্চ বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। লাকি জানান, এ ঘটনায় মাজহারুল মানসিকভাবে ভেঙে পড়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত সাইয়েদুর রহমান বলেন, ‘ডিআর তালিকা ও প্রবেশপত্রে দুই রকম রোল নম্বর ছিল। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী জসিম উদ্দিনকে জানালে তিনি আমাকে প্রবেশপত্রের রোল কেটে ডিআর অনুয়ায়ী রোল লিখতে বলেন।’ অবশ্য জসিম উদ্দিন এ কথা অস্বীকার করেছেন। তিনি জানান, এ ব্যাপারে সাইয়েদুর রহমানের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কাইয়ুম ভূঁইয়া ও আলমগীর মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কাইয়ুম ও আলমগীর প্রথম আলোকে জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে ৬ এপ্রিল তাঁরা একটি চিঠি পেয়েছেন। এ জন্য অভিযোগকারী ও মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হাজির হতে চিঠি দেওয়া হয়েছে।