চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সঙ্গে ‘অশোভন আচরণকারী’ কর্মচারী সমিতির সহসভাপতির শাস্তি দাবি করে গতকাল শনিবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, গত ৯ জুলাই পরীক্ষা-সংক্রান্ত বিল নিয়ে কথা বলতে প্রশাসনিক ভবনে গেলে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আফতাব হোসেনের সঙ্গে অশোভন আচরণ করেন কর্মচারী সমিতির সহসভাপতি মোহাম্মদ ওমর।
শিক্ষক সমিতি সূত্র জানায়, এক মাসেও ওই কর্মচারীর শাস্তি না হওয়ায় গত ৫ আগস্ট শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং শিক্ষক নেতাদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেন। পরে সমিতির সভায় এ বিষয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে স্মারকলিপি তুলে দেন।